শ্রেণিকক্ষের তীব্র সংকট গাদাগাদি শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন বছর ধরে মাত্র তিনটি কক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। স্থান–সংকটে এই তিন কক্ষেই গাদাগাদি করে বসতে হয় শিক্ষার্থীদের। এতে ব্যাহত হয় পাঠদান।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৭৩ সালে স্থাপিত বিদ্যালয়টির জন্য ১৯৮৪ সালে বেসরকারি প্রতিষ্ঠান রংপুর-দিনাজপুর উন্নয়ন সংস্থা (আরডিআরএস) একটি মূল ভবন নির্মাণ করে দেয়। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ২০০৯ সালে দুই কক্ষের আরেকটি ভবন হয় বিদ্যালয়টির জন্য। এদিকে ওই বছরই আবার মূল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ২০১২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ভবনে তিন কক্ষের দ্বিতীয় তলা নির্মাণ করা হয়। এর একটি কক্ষে বিদ্যালয়ের কার্যালয় ও একটিতে আসবাবসহ বিভিন্ন মালামাল রাখা হয়েছে। ফলে মাত্র তিনটি কক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান।
সরেজমিনে ১১ অক্টোবর দেখা যায়, তিনটি কক্ষের বেঞ্চে গাদাগাদি করে বসে আছে শিক্ষার্থীরা। ২৫ থেকে ৩০ জন ধারণক্ষমতার একেকটি কক্ষে বসেছে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী।
সহকারী শিক্ষক মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়টিতে বর্তমানে চারজন শিক্ষক ও ৩৬৯ শিক্ষার্থী রয়েছে। দুই পালায় পাঠদান চলে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের জায়গা না হলে মাঝেমধ্যে গাছতলায়ও পাঠদান করতে হয়।
পঞ্চম শ্রেণির ছাত্রী আশা মণি বলে, ‘একজনের সঙ্গে আরেকজনের গায়ে গা লাগিয়ে বসতে হয়। নড়াচড়াও করা যায় না। কিছু লিখতে গেলে সবচেয়ে বেশি সমস্যা হয়।’
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, প্রয়োজনীয় কক্ষ তো নেই–ই। অতিরিক্ত শিক্ষার্থীর কারণে পাঠদানের চেয়ে শৃঙ্খলা বজায় রাখতেই বেশি সময় নষ্ট হয়।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কয়েকটি বিদ্যালয়ে নতুন ভবনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দের অনুমতি এলে এই বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে ভবন নির্মাণের জন্য প্রস্তাব করা হবে।