শ্রেণিকক্ষের দাবিতে শিক্ষকেরা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের দাবিতে বিভাগীয় সভাপতিসহ ছয় শিক্ষককে অবরুদ্ধ করেছেন। গতকাল বেলা একটা থেকে সভাপতির কক্ষে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখার সময় কর্মসূচি অব্যাহত ছিল।
বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির মোট পাঁচটি ব্যাচের জন্য শ্রেণিকক্ষ আছে চারটি। তবে নিজেদের কোনো শ্রেণিকক্ষ না থাকায় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা দিনের অধিকাংশ সময় বাংলা বিভাগের একটি কক্ষ ব্যবহার করেন। এতে বাংলা বিভাগের শিক্ষার্থীরা ব্যবহার করতে পারেন তিনটি কক্ষ। এর মধ্যে দুটি কক্ষের আয়তন ছোট হওয়ায় সেখানে কোনো পরীক্ষা নেওয়া সম্ভব হয় না। বড় কক্ষটিতে প্রতিদিনই কোনো না কোনো ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাই পাঠদানের জন্য বাধ্য হয়ে ছোট কক্ষ দুটিই ব্যবহার করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ছোট কক্ষটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি শিক্ষার্থীকে বসতে হয়।
শ্রেণিকক্ষের সংকটের কারণে গত ২৮ মার্চ বিভাগসংলগ্ন শিক্ষক লাউঞ্জটিকে শ্রেণিকক্ষে রূপান্তর করা হয়। কিন্তু অনুষদের শিক্ষকদের একটি অংশ এর বিরোধিতা করে। ওই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কক্ষটিতে তালা ঝুলিয়ে দেয়। প্রায় সাড়ে চার মাস পার হয়ে গেলেও প্রশাসন কক্ষটির তালা খোলেনি। বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ‘একটি কক্ষ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ওই কক্ষ খুলে দেওয়ার দাবিতে আমরা শিক্ষকদের অবরুদ্ধ করেছি।’
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক অনিরুদ্ধ কাহালি বলেন, ‘আমরা দুপুর থেকে অবরুদ্ধ আছি। শিক্ষার্থীদের দাবি আদায়ে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি।’