
শ্রেণিকক্ষের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা গতকাল রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা উপাচার্যের কক্ষের সামনে অবস্থান ধর্মঘট করেছেন। তাঁদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তিনটি বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি মাত্র শ্রেণিকক্ষ রয়েছে। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারছেন না। একটি বর্ষের শিক্ষার্থীরা ক্লাস করলে অন্যদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এভাবে দুর্ভোগে ক্লাস করতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ১০টি বিভাগ বাড়িয়ে মোট বিভাগ হয়েছে ২১টি। নতুন ভবন নির্মাণ করা হয়নি। ফলে শ্রেণিকক্ষের সংকট দেখা দিয়েছে। আর শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘটের সত্যতা নিশ্চিত করেছেন তিনি।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪, ৫ ও ৬ ডিসেম্বর হবে। ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা মুঠোফোনের মাধ্যমেও ২৫ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, এ বছর ছয়টি ইউনিটের ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।