শ্রেণিকক্ষের পাশে বইমেলা
বরিশালে প্রথমা প্রকাশনসহ ১০ প্রকাশনা সংস্থা নিয়ে শুরু হয়েছে কৈশোর-তারুণ্যের বইমেলা। শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করতে শ্রেণিকক্ষের পাশে বইমেলার ওই আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘কৈশোর-তারুণ্যে বই’ শিরোনামে ওই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফকরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব ও কৈশোর-তারুণ্যে বইয়ের নির্বাহী কমিটির আহ্বায়ক তুষার আবদুল্লাহ বলেন, শিক্ষার্থীরা কেবল বই মুখস্থ, পরীক্ষা আর পাস করার জন্য বই পড়ছে। শিক্ষার্থীরা পাঠ্যবই পড়তে পড়তে হাঁপিয়ে উঠছে। তারা সৃজনশীল চর্চার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তা ছাড়া পাঠ্যবইয়ের বাইরে বই কেনার সুযোগও পায় না স্কুলের শিক্ষার্থীরা। তাই তাদের কাছে বইয়ের সমাহার উপস্থাপন করার জন্যই আয়োজন করা হয়েছে বইমেলার। এখান থেকে তারা তাদের পছন্দের বইগুলো কিনতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক ও অ্যাডর্ন পাবলিকেশনসের সৈয়দ জাকির হোসেন, কাকলী প্রকাশনীর নাছির আহমেদ সেলিম, ইকরিমিকরির কাকলী প্রধান, সময় টেলিভিশনের বরিশাল প্রধান ফিরদাউস সোহাগ, ৭১ টেলিভিশনের বরিশাল প্রতিনিধি বিধান সরকার প্রমুখ।
মেলায় অনন্যা, প্রথমা, অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশনস, কাকলী প্রকাশনী, ইকরিমিকরি, জাগৃতি প্রকাশনী, সময় প্রকাশন অংশ নিচ্ছে।
প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।