শ্রেণিকক্ষের সংকটে সেরা বিদ্যালয়
শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির একটি দ্বিতল ভবন গত ১২ মের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসনের মতামতের ভিত্তিতে ভবনটিতে পাঠদানসহ শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে তিন মাস ধরে শ্রেণিকক্ষ-সংকটে জেলার এই সেরা বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। কখনো কখনো শিক্ষার্থীরা বারান্দায় দাঁড়িয়ে ক্লাস করছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮৮১ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০০। তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রভাতি ও দিবা—এই দুই পালায় এখানে শিক্ষার্থীদের পড়ানো হয়। চার বছর ধরে ঢাকা শিক্ষা বোর্ডের জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় জেলায় শীর্ষস্থান অর্জন করেছে। গত ১ জুলাই অনুষ্ঠিত গ্রামীণফোন-প্রথম আলো আয়োজিত আই-জেন প্রতিযোগিতায়ও এটি জেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়। ১২ মের ভূমিকম্পে বিদ্যালয়টির দ্বিতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই ভবনের ছয়টি কক্ষে ৩৬০ জন শিক্ষার্থীকে পাঠদান দেওয়া হতো। ভূমিকম্পের পরপরই তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন। ১৩ মে জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
ওই কমিটির প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত ভবনটির বারান্দার দেয়ালে ভূকম্পনের ফলে ছোট ফাটলের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ভবনের কলাম, ছাদ ও বিমের সংস্কার ও মেরামত করা হলে আপাতত ভবনটি ব্যবহার করা যাবে। তবে বড় ধরনের ভূমিকম্পে ভবনটি ধসে পড়ার আশঙ্কায় এটি পরিত্যক্ত ঘোষণার বিষয় বিবেচনা করা শ্রেয় বলে তাঁরা (কমিটির সদস্যরা) মন্তব্য করেন। কমিটির এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষ তিন মাস ধরে ভবনটিতে পাঠদান বন্ধ রেখেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষ-সংকটে প্রতিদিন প্রতিটি শাখায় একটি করে ক্লাস কম নেওয়া হচ্ছে। ভূমিকম্পের পর কিছুদিন খোলা মাঠেও ক্লাস নেওয়া হয়েছে। এ (সেপ্টেম্বর) মাসে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা। শ্রেণিকক্ষ-সংকটে বিদ্যালয় বন্ধ না দিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তিনি আরও বলেন, ভবনটি ব্যবহার-উপযোগী কি না, সে বিষয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করলে তা নিশ্চিত হওয়া যাবে। তিনি ২৪ মে এ বিষয়ে শিক্ষাসচিবসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। এখনো তাঁরা কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তিনি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের কাছে আবেদন জানান।