শ্রেণিকক্ষের সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত
মানিকগঞ্জের শিবালয় উপজেলার কৃষ্ণপুর এলাকার একটি বিদ্যালয়ে গতকাল সোমবার সকালে শ্রেণিকক্ষের সিলিং ফ্যান খুলে পড়ে এক ছাত্রী আহত হয়েছে।
আহত ছাত্রীর নাম জাহান-নূর অনি (১২)। সে কৃষ্ণপুর এলাকার অক্সফোর্ড একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্রী এবং পাশের নতুন ফরিদপুর গ্রামের জানে আলম সরকারের মেয়ে।
বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দোতলার পশ্চিম পাশের একটি কক্ষে পঞ্চম শ্রেণির প্রভাতি শাখার পাঠদান করানো হয়। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পাঠদান শুরুর আগে ওই কক্ষে বসে ছিল শিক্ষার্থীরা। একপর্যায়ে সিলিং ফ্যান খুলে পড়লে অনির কপাল কেটে যায়।
জানে আলম বলেন, স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মেয়ের কপালের ক্ষতস্থানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন (ভারপ্রাপ্ত) বলেন, বিদ্যালয়ের সব কক্ষের সিলিং ফ্যানের আংটা নতুন করে লাগানো হবে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।