শ্রেণিকক্ষ-সংকট তীব্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে পড়ালেখা ব্যাহত হচ্ছে। এখানে ৩১টি শ্রেণিকক্ষে চলছে পাঁচটি শিক্ষাবর্ষের ১৭ বিভাগের ক্লাস। এ পরিস্থিতিতে সকাল-বিকেল পালা করে শিক্ষকদের পাঠ কার্যক্রম চালাতে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরের কর্মকর্তারা জানান, ২০০৭ সালের ২৮ মে সাতটি বিভাগের ৩০০ জন শিক্ষার্থী দিয়ে দুটি একাডেমিক ভবনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। এখন তিনটি একাডেমিক ভবনে ৩১টি শ্রেণিকক্ষ আছে। এসব কক্ষে ১৭টি বিভাগের চার হাজার ৭৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ফার্মেসি ও প্রত্নতত্ত্ব—এ তিনটি বিভাগে দুটি করে ব্যাচ। কিন্তু ওই বিভাগগুলোর শ্রেণিকক্ষ একটি করে। এ বছর আরও দুটি নতুন বিভাগ চালু হবে। তখন আরও ১০০ জন শিক্ষার্থীর বসার ব্যবস্থা করতে হবে।
চারটি বিভাগের ১০ জন শিক্ষার্থী বলেন, শ্রেণিকক্ষে একটার পর একটা ক্লাস চলতে থাকে। কক্ষ না থাকায় একটা ক্লাস সকাল বেলা হলে আরেকটা হয় বিকেল বেলা। মাঝের এই দীর্ঘ সময় বসেই থাকতে হয়।
নৃবিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ আইনুল হক বলেন, ‘আমাদের বিভাগে দুটি শ্রেণিকক্ষ আছে। পর্যাপ্ত কক্ষ না থাকায় পড়াতে কিছুটা বেগ পেতে হচ্ছে।’ ইংরেজি বিভাগের প্রধান এম এম শরীফুল করিম বলেন, এ বিভাগের সাতটি ব্যাচের শিক্ষার্থীর জন্য তিনটি কক্ষ। শিক্ষার্থী বেশি থাকায় প্রত্নতত্ত্ব বিভাগের কক্ষে ক্লাস হয়।
বিশ্ববিদ্যালয়ের ভূ-সম্পত্তি (এস্টেট) কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৩টি ভবন আছে। এর তিনটি একাডেমিক ভবন। ওই তিন ভবনের ৩১টি কক্ষে বর্তমানে ক্লাস হচ্ছে। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর আগে নতুন ভবন নির্মাণ করা না হলে শ্রেণিকক্ষের সংকট আরও বাড়বে।
বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী নতুন ভবন ও শ্রেণিকক্ষের দাবি জানান।
উপাচার্য মো. আলী আশরাফ বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার ৬৮ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে। ওই টাকা ধাপে ধাপে পাওয়া যাবে। এখন তিনটি একাডেমিক ভবন সম্প্রসারণের কাজ চলছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই এই কাজ শেষ হবে।