শ্রেণিকক্ষ-সংকটসহ নানা সমস্যায় পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরের যোগীরকোফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফেলে রাখা পুরোনো বেঞ্চ ও ইট l ছবি: প্রথম আলো
টাঙ্গাইলের মির্জাপুরের যোগীরকোফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফেলে রাখা পুরোনো বেঞ্চ ও ইট l ছবি: প্রথম আলো

শ্রেণিকক্ষ-সংকটে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার যোগীরকোফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয় ভবনের চালের ছিদ্র দিয়ে পানি পড়ায় শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। এ ছাড়া এখানে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান করা যাচ্ছে না।
সরেজমিন জানা গেছে, ১৯২০ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। প্রায় ৩০ বছর আগে বিদ্যালয়ে টিনশেড ভবন নির্মিত হয়। যেখানে ছোট-বড় চারটি কক্ষ রয়েছে। এর মধ্যে দুটি শ্রেণিকক্ষ। একটি কক্ষ শিক্ষকদের প্রশিক্ষণকেন্দ্র এবং অপরটি কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। অধিকাংশ কক্ষের টিনের চালে অসংখ্য ছিদ্র সৃষ্টি হয়েছে। চালের সিলিং নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় দুই পালায় শিশু থেকে পঞ্চম শ্রেণির ১১৭ জন শিক্ষার্থী ঝুঁকি নিয়ে ক্লাস করছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অধরা আক্তার বলে, ‘টিনের চাল ছিদ্র হওয়াতে বসার সিট (বেঞ্চ) ভিজা যায়, বসতে পারি না। তখন যে সিটে পানি পড়ে না সেই সিটে যাই।’
বিদ্যালয়ের সামনের মাঠে ধান ও গোবর শুকাতে দেওয়া হয়েছে। ধান শুকিয়ে দিয়ে বসে থাকা যোগীরকোফা গ্রামের গৃহবধূ নূরজাহান বেগম বলেন, বাড়ির উঠানে জায়গা না থাকায় বিদ্যালয়ের মাঠে ধান শুকাতে দেওয়া হয়েছে। স্কুলের শিক্ষকেরা না করেন। কিন্তু তাঁদের কিছু করার নেই।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়ের জায়গাতে বিদ্যুতের খুঁটি রয়েছে। ওই খুঁটির মাধ্যমে আশপাশে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকায় গরমের সময় খুব কষ্ট হয়। শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া পদ্ধতিতে শিক্ষার কার্যক্রমও চালু করা যাচ্ছে না।
প্রধান শিক্ষক লতিকা রানী পাল বলেন, জরাজীর্ণ ভবটিতে ফাটল ধরেছে। দেওয়ালের সঙ্গে মেঝেতে উঁইপোকা মাটি তোলায় জরুরি কাগজ নষ্ট হয়ে যাচ্ছে। টিনের চাল ছিদ্র হওয়াতে শ্রেণিকক্ষে পানি পড়ে। সামনে ঝড়-বৃষ্টির সময় ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করা খুবই কষ্টকর হয়ে পড়বে।
প্রধান শিক্ষক আরও বলেন, ‘বিদ্যুতের জন্য মির্জাপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে আবেদন করে লাভ হচ্ছে না। মাঠে ধান ও গোবর শুকানোর জন্য কাউকে না করে লাভ হয় না। হারানোর ভয় ও স্টোর কক্ষ না থাকাতে শ্রেণিকক্ষে বেঞ্চ ও ইট রাখা হয়েছে। এতে আমাদের পাঠদানে কোনো সমস্যা হয় না।’
মির্জাপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, বিদ্যালয়টিতে দুই কক্ষবিশিষ্ট পাকা ভবন নির্মাণের জন্য দরপত্রপ্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই কাজ শুরু হতে পারে।