
শ্রেণিকক্ষ–সংকট মেটাতে বিদ্যালয়টির একমাত্র পাকা ভবনের ওপরতলায় বাঁশের অবকাঠামো তৈরি করা হয়েছিল প্রায় এক বছর আগে। আর্থিক সংকটে সেই অবকাঠামোর ওপর আর টিনের চালা করতে পারেনি কর্তৃপক্ষ। সেই সঙ্গে বসার ব্যবস্থাও করা সম্ভব হয়নি। এত দিনে রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার পথে ওই বাঁশের অবকাঠামো। বাধ্য হয়ে প্রায়ই শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে মাঠেই।
নাটোরের গুরুদাসপুর উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দূরের নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের চিত্র এটি। আশপাশের পাঁচ কিলোমিটারের মধ্যে এটিই একমাত্র মাধ্যমিক বিদ্যালয়। এখানে ৭৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৫০ জনই ছাত্রী।
সরেজমিন ১০ ফেব্রুয়ারি দুপুরে দেখা যায়, বিজ্ঞান শাখার নবম শ্রেণির ছাত্রছাত্রীরা বিদ্যালয়টির মূল ভবনের সামনের মাঠে বসে ক্লাস করছে। অন্য ক্লাসগুলো চলছে নতুন পাকা ভবনের নিচতলা আর পাশের আধা পাকা ভবনে। সেসব শ্রেণিতেও বেঞ্চসংকটে এক বেঞ্চে গাদাগাদি করে বসেছে চার থেকে পাঁচজন। শ্রেণিকক্ষ ও বসায় জায়গার পাশাপাশি বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, কমনরুম ও শৌচাগার সংকট রয়েছে।
বিদ্যালয়ের অন্তত ১৫ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বসার জায়গা পেতে শিক্ষার্থীরা কে কত সকালে আসতে পারে, তার প্রতিযোগিতা চলে। ক্লাস শুরু হলেও গাদাগাদি করতে হয়। এতে ক্লাসে মনোযোগ থাকে না। বিজ্ঞানাগার না থাকায় বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরও বিড়ম্বনায় পড়তে হয়। আধা পাকা ভবনের টিনের চালায় ছিদ্র থাকায় বৃষ্টির পানি পড়ে শ্রেণিকক্ষে। শৌচাগার সমস্যায় ছাত্রীদের সমস্যা চরমে পৌঁছেছে।
প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম বলেন, বিদ্যালয়টিতে ২২ জন শিক্ষক ও চারজন কর্মচারী রয়েছেন। ষষ্ঠ শ্রেণির তিন শাখায় ৭৫ জন করে ২২৫ জন, সপ্তম শ্রেণির দুই শাখায় ৭৫ জন করে ১৫০, অষ্টম শ্রেণিতে দুই শাখায় ৭০ জন করে ১৪০ এবং নবম শ্রেণিতে দুই শাখায় ৫৭ জন করে ১১৪, দশম শ্রেণিতে ৮৭ এবং কারিগরি শাখায় ৬০ জন শিক্ষার্থী রয়েছে।
এসব শিক্ষার্থীর জন্য বেঞ্চ রয়েছে মাত্র ১৫০ জোড়া। প্রতি বেঞ্চে চারজন করে শিক্ষার্থী বসলেও আরও ৪৪ জোড়া বেঞ্চ দরকার। শ্রেণিকক্ষ মাত্র ১০টি। এসব সমস্যার কারণে বেশির ভাগ শ্রেণিতেই ছাত্রছাত্রীদের উপস্থিতি থাকে কম।
শ্রেণিকক্ষ সমস্যার সমাধানে বিদ্যালয় পরিচালনা কমিটি পাকা ভবনটির দোতলায় টিনের চালা দিয়ে শ্রেণিকক্ষ বানাতে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে একটি অবকাঠামো তৈরি করে। কিন্তু আর্থিক সংকটে আর সেই টিনের চালা দেওয়া সম্ভব হয়নি। এখন সেই অবকাঠামোও নষ্ট হওয়ার পথে। টিনের চালা বসাতে আরও প্রায় দুই লাখ টাকা দরকার। আসবাব দরকার হবে। বিষয়টি স্থানীয় সাংসদসহ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েও কোনো লাভ হয়নি।
কমিটির সভাপতি মতিউর রহমান বলেন, ‘গ্রামের বিদ্যালয় হওয়ায় এ শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতি শিক্ষা বিভাগের নজর কম। তারপরও পরিস্থিতি সামাল দিতে একটি অবকাঠামো তৈরি করা হয়। এখন টাকার অভাবে টিনের চালা বসাতে পারছি না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি তাঁকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু আর্থিক সহায়তা দেওয়ার এখতিয়ার তাঁর না থাকায় কিছু করা সম্ভব হয়নি।