শ্রেণিকক্ষ-সংকটে মাঠে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৬৬৫। শ্রেণিকক্ষ আছে নয়টি। এর মধ্যে তিনটির অবস্থা জরাজীর্ণ। এ অবস্থায় শ্রেণিকক্ষ–সংকটের কারণে শুষ্ক মৌসুমে বিদ্যালয়ের মাঠে এবং বর্ষা মৌসুমে একচালা ছাউনিতে পাঠদান চলে।
সম্প্রতি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর বিএবি উচ্চবিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে দুজন শিক্ষক দিয়ে পাঠদান করতে দেখা গেছে। এ পরিস্থিতিতে ভুক্তভোগী শিক্ষার্থীরা অবিলম্বে শ্রেণিকক্ষ বাড়ানোর দাবি জানিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে গোপালনগর বিএবি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর এ পর্যন্ত তিনটি একতলা ভবন নির্মিত হয়। ওই ভবনগুলোতেই শিক্ষকদের কক্ষ ও শ্রেণিকক্ষ রয়েছে। বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ১০৯, সপ্তম শ্রেণিতে ১৩৮, অষ্টম শ্রেণিতে ১৬২, নবম শ্রেণিতে ১২১ ও দশম শ্রেণিতে ১৩৫ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীকে দুটি করে শাখায় পাঠদান করানো হচ্ছে। পর্যাপ্তসংখ্যক শ্রেণিকক্ষ না থাকায় শীত ও শুষ্ক মৌসুমে বিদ্যালয়ের মাঠে পাঠদান চলছে। বর্ষা মৌসুমে একচালা টিনের ছাউনির নিচে পাঠদান হয়।
দশম শ্রেণির অন্তত পাঁচজন শিক্ষার্থী বলে, দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ–সংকট রয়েছে। প্রতিটি শ্রেণিতে ১০০ জনের বেশি করে শিক্ষার্থী রয়েছে। এ অবস্থায় শ্রেণিকক্ষ না থাকায় তারা মাঠের মধ্যে বসে ক্লাস করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম আখন্দ বলেন, তিনটি একতলা ভবনের প্রতিটিই দোতলা করা যাবে। এ জন্য স্থানীয় সাংসদ মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছেন। শ্রেণিকক্ষ না থাকায় শিক্ষকেরা কষ্ট করে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। বিষয়টি জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে।