শ্রেণীকক্ষ ও আসবাবসংকটে দেড় হাজার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও উচ্চবিদ্যালয়ে শ্রেণীকক্ষের তীব্র সংকট। নেই প্রয়োজনীয় বেঞ্চ। তাই শিক্ষার্থীদের মাঠে খোলা আকাশের নিচে আর শ্রেণীকক্ষের মেঝেতে চটে বসিয়ে পাঠদান করা হচ্ছে।
এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৭ সালে ১০ জন শিক্ষার্থী নিয়ে বাঁশের তৈরি একটি ঘরে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। এখন শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৪৮৩ জন। ছয় কক্ষের একটি দ্বিতল ভবন ও এক কক্ষের দুটি টিনশেডের সেমিপাকা ঘর রয়েছে। এমপিওভুক্ত শিক্ষক আছেন ১৩ জন। খণ্ডকালীন শিক্ষক আছেন আরও চারজন।
সরেজমিনে দেখা গেছে, আটটি কক্ষের দুটিতে কোনো বেঞ্চ নেই। মেঝেতে চটে বসে পাঠ নিচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সামনের মাঠে চারটি স্থানে গাছতলায় গোল হয়ে শিক্ষার্থীদের বসিয়ে পাঠ দিচ্ছেন চারজন শিক্ষক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কান্তি রানী কৈরী জানান, মাঠে এখন দশম শ্রেণীর বিষয়ভিত্তিক দুটি, নবম শ্রেণীর একটি এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ দেওয়া হচ্ছে। দশম শ্রেণীর শিক্ষার্থী সুভাশীস কৈরী বলে, ‘নবম শ্রেণীতে ওঠার পর থেকে প্রতিদিনই আমাদের মাঠে বসে পাঠ নিতে হচ্ছে। আর শ্রেণীকক্ষেও গাদাগাদি করে বসতে হচ্ছে।’
বিজ্ঞানের শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, বাইরে মাঠে এভাবে পাঠ দিলে শিক্ষার্থীদের মনোযোগ দিতে সমস্যা হয়। শিক্ষকদেরও একাগ্রতা নষ্ট হয়। সহকারী প্রধান শিক্ষক মলয় কুমার দাস বলেন, ‘প্রতিদিন এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসে। সব মিলিয়ে আটটি কক্ষে তাদের বসার জায়গা করে দিতে পারি না।’
প্রধান শিক্ষক অনুপ দত্ত বলেন, আটটি শ্রেণীকক্ষের দুটিতে কোনো বেঞ্চ নেই। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীর শিক্ষার্থীদের পালা করে মাঠে বসিয়ে পাঠ দেওয়া হচ্ছে। বৃষ্টির দিনে স্কুলের এবং পাশের সাতগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের বারান্দায় ক্লাস নিতে হয়। তিনি বলেন, ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, এমনকি শিক্ষা মন্ত্রণালয়েও আবেদন করেছি। কোনো লাভ হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও জানিয়েছি।’
শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন বলেন, ‘বিষয়টি আমার জানা আছে। উপজেলা মাসিক সমন্বয় সভায় এ নিয়ে কথা বলেছি। জেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’