শিক্ষকসংকটসহ নানা সমস্যায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রেণীকক্ষের স্বল্পতার কারণে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রতিটি বিভাগের পাঠদানের জন্য মাত্র একটি করে কক্ষ দেওয়া হয়েছে। এখানে শিক্ষার্থীদের আবাসনের সমস্যাও প্রকট। দীর্ঘদিনেও নির্মাণ করা হয়নি ছাত্রীনিবাস।কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬২ সালের ১ আগস্ট স্থানীয় লোকজনের উদ্যোগে ‘চুয়াডাঙ্গা কলেজ’ নামে শিক্ষাপ্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ১৯৭৯ সালের ৭ মে এটিকে সরকারীকরণ করা হয়। বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পর্যায়ে পাঠদান করা হয়। মোট শিক্ষার্থীর সংখ্যা সাত হাজার ৭৭৮। এর মধ্যে উচ্চমাধ্যমিকে এক হাজার ৭০০, পাস কোর্সে দুই হাজার ৭২, সম্মান কোর্সে তিন হাজার ১০৬ জন। এখানে শিক্ষকের ৬৬টি পদ থাকলেও অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ কর্মরত আছেন ৪৩ জন।কলেজ কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এখানে সম্মান কোর্সে শাখায় বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, ইংরেজি, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও ইতিহাস বিভাগে পাঠদান করা হয়। ২০০৪-০৫ শিক্ষাবর্ষে এখানে সম্মান কোর্স চালু করা হয়। প্রয়োজনীয় ভবন না থাকায় প্রতিটি বিভাগের সব বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি শ্রেণীকক্ষ বরাদ্দ করা হয়েছে। এ জন্য পাঠ্যক্রম অনুযায়ী সব বর্ষের পাঠদান করা সম্ভব হয় না। এখানে স্নাতক পাস ও সম্মান পর্যায়ে আজও বিজ্ঞান বিষয়ে পাঠদানের অনুমোদন দেওয়া হয়নি, চালু হয়নি স্নাতকোত্তর কোর্স।কলেজ সূত্রে আরও জানা গেছে, এখানে প্রশাসনিক ভবনসহ মোট চারটি ভবন আছে। মোট শ্রেণীকক্ষ আছে ২০টি। উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাস ও সম্মানের পাঠদান সঠিকভাবে করার জন্য আরও ২৭টি কক্ষ প্রয়োজন।কলেজ সূত্রে আরও জানা গেছে, এখানে প্রায় চার হাজার ছাত্রী লেখাপড়া করেন, কিন্তু তাঁদের আবাসনের কোনো ব্যবস্থা নেই।কলেজের উপাধ্যক্ষ রহমত আলী বিশ্বাস বলেন, সম্মানের প্রতি বিভাগে কমপক্ষে সাতজন শিক্ষকের প্রয়োজন হলেও কোনো কোনো বিভাগে একজন শিক্ষক দিয়ে পাঠদান করানো হয়। এতে ব্যাহত হয় পাঠদান কার্যক্রম। ছাত্রীনিবাস ও একটি একাডেমিক ভবন কাম পরীক্ষার হল নির্মাণের কাজ শিগগির শুরু করবে শিক্ষা প্রকৌশল বিভাগ। এগুলো নির্মিত হলে আবাসন ও শ্রেণীকক্ষসংকট দূর হবে। অন্য সমস্যাগুলো সমাধানের বিষয় অধ্যক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।