শ্রেণীকক্ষ ও শিক্ষকসংকট সত্ত্বেও শতভাগ পাস
শিক্ষার্থীর সংখ্যা ৪০০। কক্ষ মাত্র দুটি। এর মধ্যে একটি আবার অফিস কক্ষ। কক্ষসংকটের কারণে অফিস কক্ষেই তিন বছর ধরে পাঠদান করা হচ্ছে। কক্ষসংকটের পাশাপাশি শিক্ষকের সংখ্যাও কম। এই করুণ অবস্থা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মধ্যেরচর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এত সমস্যা থাকার পরও এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এই বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শুধু তা-ই নয়, তাদের মধ্যে ১৭ জন শিক্ষার্থী পেয়েছে প্রথম বিভাগ।বিদ্যালয়সূত্রে জানা গেছে, ১৯৪০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৭০ সালে এটি সরকারীকরণ হয়। এখানে মোট কক্ষ চারটি। সংস্কারের জন্য দুটি কক্ষ ভেঙে ফেলা হয়েছে। তাই গত বছরের নভেম্বর মাস থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ মাত্র দুটি কক্ষ ব্যবহার করতে পারছে। এর মধ্যে ২০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের একটি কক্ষের এক পাশে ছোট আকারের একটি টেবিল পেতে বসেন তিনজন শিক্ষক। অপর পাশের টেবিলটি প্রধান শিক্ষকের জন্য। প্রধান শিক্ষকের টেবিলের সামনে ১৬টি বেঞ্চ পাতা। এটি অফিস কক্ষ হলেও এখানেই ক্লাস নেওয়া হচ্ছে। অপর কক্ষে শুধু পাঠদান করা হয়। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক নাজমুল হক ভূঁইয়া অফিস কক্ষে ক্লাস নিচ্ছেন। পাশে বসে কাজ করছেন সহকারী শিক্ষক নাজনীন সুলতানা ও আসমা খাতুন। অপর সহকারী শিক্ষক শামিম আহমেদ এক সপ্তাহের জন্য প্রশিক্ষণে গেছেন।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, কক্ষসংকটের কারণে বর্তমানে প্রথম পালায় অফিস কক্ষে প্রথম শ্রেণী ও অপর কক্ষটিতে দ্বিতীয় শ্রেণীর ক্লাস হয়। দ্বিতীয় পালায় অফিস কক্ষে পঞ্চম শ্রেণীর এবং অপর কক্ষে চতুর্থ শ্রেণীর ক্লাস নেওয়া হয়। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাশের মাদ্রাসার একটি কক্ষে গিয়ে ক্লাস করে। এখানে আটজনের বিপরীতে মাত্র চারজন শিক্ষক আছেন। এত সমস্যা থাকার পরও বিদ্যালয়ের শিক্ষকেরা ভালোভাবে পাঠদান করেন এবং ছাত্রছাত্রীদের পড়ালেখা করার জন্য উত্সাহিত করেন। এ কারণেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে।প্রধান শিক্ষক নাজমুল হক ভূঁইয়া বলেন, কক্ষ ও শিক্ষকসংকটের পাশাপাশি বর্তমানে বিদ্যালয়ের জমি নিয়ে জটিলতা আছে। বিদ্যালয়ের নামে ৫০ শতাংশ ভূমি দলিল থাকলেও বর্তমানে আট শতাংশের বেশি দখলে যেতে পারছি না। এ কারণে এত দিন নির্মাণাধীন ভবনটির কাজ শেষ করা যায়নি। ভবন নির্মাণের কাজ চলছে। কাজ শেষ হলেই আরও দুটি কক্ষ পাব।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল খায়ের বলেন, নুতন ভবনের নির্মাণকাজ শেষ হলে দুটি কক্ষ বাড়বে। এতে কিছুটা সমস্যার সমাধান হবে।