শ্রেণীকক্ষ ও শিক্ষকসংকটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক ও শ্রেণীকক্ষ-সংকটসহ নানা সমস্যায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে স্নাতক (সম্মান) পর্যায়ের কোনো কোনো বিভাগে গত এক বছরে একটি ক্লাসও হয়নি। আবাসনের ব্যবস্থা না থাকায় এ কলেজের ছাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে ৩৭ বিঘা জমির ওপর চুয়াডাঙ্গা কলেজ প্রতিষ্ঠা করা হয়। এ সময় এখানে শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ের অনুমোদন মেলে। ১৯৬৮ সালে এখানে বিএ, বিকম ও বিএসসি পর্যায়ে পাঠদান শুরু হয়। কিন্তু পরে শিক্ষা মন্ত্রণালয় বিএ ও বিকমের অনুমোদন দেয়। আজও বিএসসির অনুমোদন মেলেনি। এতে ডিগ্রি পর্যায়ের বিজ্ঞান বিভাগের জন্য শিক্ষকও নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। ১৯৭৯ সালের ৭ মে কলেজটিকে সরকারি করা হয়। ২০০৪-০৫ শিক্ষাবর্ষে এখানে স্নাতক (সম্মান) কোর্স অনুমোদন করা হয়। ওই শিক্ষাবর্ষে এখানে বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস বিভাগ খোলা হয় । কলেজ সূত্রে আরও জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা ছয় হাজার ৭৩৬ জন। এর মধ্যে ছাত্রী তিন হাজার ১১৯ জন। এখানে তিনটি একাডেমিক ভবন আছে। কিন্তু শিক্ষার্থীদের তুলনায় এসব ভবনে শ্রেণীকক্ষ কম। ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস আছে। কিন্তু সেখানে মাত্র ১০০ জনের থাকার ব্যবস্থা রয়েছে। ছাত্রীদের জন্য কোনো ছাত্রীনিবাস নেই। এতে ছাত্রীদের শহরের বিভিন্ন এলাকায় মেসে থাকতে হচ্ছে। কলেজ সূত্রে আরও জানা গেছে, এখানে সব মিলে শিক্ষকের ৬৪টি পদ থাকলেও আছেন মাত্র ৩৬ জন। তৃতীয় শ্রেণীর কর্মচারীর ১৫টি পদের বিপরীতে দুজন, চতুর্থ শ্রেণীর ৩৬টি পদের বিপরীতে মাত্র সাতজন আছেন। হিসাবরক্ষক ও গুদামরক্ষকের কোনো পদ না থাকায় কলেজ অধ্যক্ষকেই এসব খাত দেখভাল করতে হয়। দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সিরাজুল ইসলাম জানান, আর দেড় মাস পর ফাইনাল পরীক্ষা। কিন্তু শ্রেণীকক্ষের অভাবে গত প্রায় একবছরে একদিনের জন্যও কোনো ক্লাস হয়নি। কলেজে আসা-যাওয়ার মধ্যদিয়ে সময় কাটাতে হচ্ছে। হিসাব বিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র শিহাব রানা বলেন, মাঠ থাকলেও সেখানে খেলাধুলা করা যায় না। ছাত্রদের কমনরুমে ভাঙা তিনটি ক্যারাম বোর্ড থাকলেও ছাত্রীদের কমনরুমে কোনো খেলার সামগ্রী নেই। উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী রোকেয়া সুলতানা বলেন, যত দ্রুত সম্ভব ছাত্রী হোস্টেল নির্মাণ করা প্রয়োজন। অধ্যক্ষ সজল কান্তি মণ্ডল বলেন, এই মুহূর্তে সম্মান শ্রেণীর জন্য কমপক্ষে ২৭টি শ্রেণীকক্ষ ও শিক্ষকদের জন্য নয়টি অফিস রুম প্রয়োজন। অনার্সের প্রতিবিভাগে কমপক্ষে সাতজন শিক্ষকের প্রয়োজন হলেও সেখানে কোনো কোনো বিভাগে দুজন শিক্ষক দিয়ে পাঠদান করানো হচ্ছে। তিনি আরও জানান, শিক্ষকসংকটসহ নানা সমস্যা সমাধানের বিষয়ে তিনি জুলাই মাসে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছেন।