শ্রেণীকক্ষ থেকে ডেকে স্কুলছাত্রকে মারধর, গুলি
গাজীপুর সদর উপজেলার এক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে গতকাল শনিবার শ্রেণীকক্ষ থেকে ডেকে নিয়ে মারধর করেন একদল যুবক। এ সময় এলাকাবাসী এগিয়ে গেলে যুবকেরা পিস্তলের গুলি ছোড়ে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
ওই তিন যুবক হলেন সদর উপজেলার বাসন এলাকার ইমরান হোসেন, আজিজুল হাকিম ওরফে রকি ও মো. রনি।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ সুত্রে জানা গেছে, ওই ছাত্র তার এক সহপাঠী ছাত্রীর সঙ্গে দুষ্টুমি করে। এর জের ধরে গতকাল সকালে একদল যুবক বিদ্যালয়ে যান। তাঁরা শ্রেণীকক্ষ থেকে ছাত্রটিকে ডেকে নিয়ে মারধর করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে গেলে এক যুবক পিস্তল থেকে ফাঁকা গুলি করেন। তাঁরা পালানোর চেষ্টাকালে শিক্ষক-ছাত্র ও এলাকাবাসী ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন।
জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক একরামুল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।