শ্রেণীকক্ষ ফিরে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত
অবশেষে শ্রেণীকক্ষ ফিরে পেয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার পুলিশ তাদের ক্লাস করার জন্য শ্রেণীকক্ষ ছেড়ে দিয়েছে। ১৮ দিন পর শ্রেণীকক্ষ ফিরে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত।
গতকাল সকালে স্কুলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ক্লাসে বসে পাঠ নিচ্ছে। পুলিশ বিদ্যালয় থেকে অস্থায়ী ক্যাম্পটি সরিয়ে নিয়ে গেছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পরিত্যক্ত একটি কক্ষে।
অস্থায়ী পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহসান রহমান প্রধান বলেন, ‘শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতির কথা ভেবে আমরা ক্যাম্পটি সরিয়ে নিয়েছি।’ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রত্না রানী জানায়, এখন থেকে আর বাইরে ধুলাবালির মধ্যে ক্লাস করতে হবে না।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিক্তা রানী রায় জানান, শ্রেণীকক্ষে পাঠদান শুরু করতে পেরে ভালো লাগছে। শিক্ষার্থীদের পড়ার যে ক্ষতি হয়েছে, তা অতিরিক্ত ক্লাস নিয়ে পুষিয়ে দেওয়া হবে।
৫ জানুয়ারি ভোটের দিন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে হামলা ও পাশের বাজারে হিন্দুদের দোকান ভাঙচুর এবং আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশ ক্যাম্পটি করা হয়। শ্রেণীকক্ষে পুলিশ ক্যাম্প করার পর থেকে বন্ধ থাকে বিদ্যালয়ের পাঠদান।