শ্রেণীকক্ষ বেঞ্চ সবই আছে তবু পাঠদান বারান্দায়!
শিক্ষার্থী ২২৫ জন, বেঞ্চ আছে ৮০ জোড়া। প্রতিটি বেঞ্চে তিনজন করে বসলেও জায়গা হবে ২৪০ জনের। অথচ ছোট ছোট ছেলেমেয়েদের মাটিতে বসিয়ে ক্লাস নেওয়া হয়। এই চিত্র ঝিনাইদহ সদর উপজেলার কুলফডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি ক্লাস নেওয়া হচ্ছে বিদ্যালয়ের সামনে খোলা জায়গায়। ছেলেমেয়েদের জন্য পাটির ব্যবস্থাও করা হয়নি। সহকারী শিক্ষক কামরুজ্জামান চৌধুরী চেয়ারে বসে ক্লাস নিচ্ছেন। বিদ্যালয়ে শ্রেণীকক্ষ আছে পাঁচটি। শিক্ষকদের কক্ষে কয়েকজন শিক্ষক বসে আছেন। একটি শ্রেণীকক্ষে পাঠদান চলছে। মাঝের একটি কক্ষ খালি পড়ে আছে। এই কক্ষে তৃতীয় শ্রেণীর ক্লাস নেওয়ার কথা। কিন্তু নেওয়া হচ্ছে বাইরে বারান্দার পাশে মাটিতে।শিক্ষকেরা জানান, এই বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী আছে ২২৫ জন। শিক্ষক আছেন সাতজন। বেঞ্চ রয়েছে ৮০ জোড়া।মাটিতে বসে পাঠ নেওয়া শিক্ষার্থী সুইটি জানায়, শিক্ষকেরা প্রায়ই মাটিতে বসিয়ে তাদের পাঠদান করেন। বিদ্যালয়ের পাশের কয়েকজন বাসিন্দা জানান, মাঝেমধ্যেই শিক্ষার্থীদের মাটিতে বসিয়ে পাঠদান করা হয়। এভাবে মাটিতে শিশুদের বসালে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।খোলা জায়গায় পাঠদানকারী শিক্ষক কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘একটু ভালো লাগছে বলে এখানে ক্লাস নিচ্ছি। তা ছাড়া সামনে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা। এরা শ্রেণীকক্ষে চিৎকার করছে দেখে বাইরে আনা হয়েছে।’ শিক্ষার্থীদের মাটিতে বসানো প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ভুল হয়েছে। বিষয়টি ওইভাবে দেখিনি।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আরা জানান, বৃহস্পতিবার তিনি ছুটিতে ছিলেন। তিনি বলেন, ‘বাইরে পাঠদানের বিষয়টি তিনি বুঝে উঠতে পারছেন না। ওই শিক্ষক মোটেও ঠিক কাজ করেননি। এ ধরনের ঘটনা এই প্রতিষ্ঠানে আর ঘটবে না।’এ বিষয়ে ঝিনাইদহের সরকারি নুরুননাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এম এন শাহজালাল বলেন, এটা শিক্ষার্থীদের প্রতি চরম অবহেলা। শিক্ষকেরা এ ধরনের আচরণ করলে ছোট ছেলেমেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসার উৎসাহ হারাবে। ঝিনাইদহ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার কাঞ্জিলাল বলেন, শ্রেণীকক্ষ ও বসার বেঞ্চ থাকতে ছেলেমেয়েদের মাটিতে বসানো মোটেও ঠিক নয়। বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।