শ্রেণীকক্ষ ভেঙে দিয়ে হলরুম নির্মাণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই আঙিনায় দুটি বিদ্যালয়। দূরত্ব মাত্র ৪০ গজ। নিয়মনীতির তোয়াক্কা না করে উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষক হলরুম নির্মাণের জন্য প্রাথমিক বিদ্যালয়ের একটি পাকা শ্রেণীকক্ষ গুঁড়িয়ে দিয়েছেন। এতে কক্ষসংকটের কারণে প্রাথমিক বিদ্যালয়ের বেশকিছু শিক্ষার্থীকে মাঠে পাঠদান করতে হচ্ছে। রংপুরের বদরগঞ্জ পৌর এলাকায় গত ১৬ ডিসেম্বর এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার বিআহমঞ্চদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে আটজন শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থী আছে। বিদ্যালয়ে পাঁচটি শ্রেণীকক্ষ ছিল। ১৬ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ মাঠে বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে যায়। এ সুযোগে বদরগঞ্জ কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও শফিউর রহমান তাদের একটি পাকা শ্রেণীকক্ষ শ্রমিক নিয়োগ করে গুঁড়িয়ে দেন। পরদিনই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই দুই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ইউপিপপপইও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর ইউএনওর নির্দেশে ইউপিইও একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়ে ১৭ ডিসেম্বর সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পান। কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলাম অভিযোগ করেন, গুঁড়িয়ে দেওয়া পাকা শ্রেণীকক্ষটি বিদ্যালয়ের জমিতে ১৯৯৮ সালে সরকারিভাবে নির্মাণ করা হয়েছিল। সেখানে নিয়মিত পাঠদান চলত। কলেজিয়েট উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ কক্ষটি গুঁড়িয়ে দিয়ে সেখানে হলরুম নির্মাণ করার চেষ্টা করছে।
কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ও শফিউর রহমান প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষ ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন। ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, তদন্তে প্রাথমিক বিদ্যালয়ের ওই পাকা কক্ষটি গুঁড়িয়ে দেওয়ার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।