শ্রেণীকক্ষ ভেঙে দোকানঘর
নোয়াখালীর বেগমগঞ্জের শহীদ আমানউল্যাহ পাবলিক উচ্চবিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভেঙে দোকানঘর তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে বলে মনে করছেন স্থানীয় লোকজন।স্থানীয় বাসিন্দারা বলেন, গত ২৯ সেপ্টেম্বর রাতে বিদ্যালয়ের চারটি শ্রেণীকক্ষ ভেঙে নয়টি দোকানঘর তৈরি করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কক্ষগুলো শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছিল।সরেজমিনে দেখা যায়, ওই চারটি শ্রেণীকক্ষের দেয়ালের ব্ল্যাকবোর্ড সাদা রং দিয়ে মুছে দেওয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, এমনিতেই শ্রেণীকক্ষগুলোতে তাদের গাদাগাদি করে বসতে হয়। কিন্তু সেদিকে কারও খেয়াল নেই। দোকান ভাড়া দিয়ে কীভাবে বেশি টাকা আয় করা যায়, সেদিকেই বেশি নজর।খোঁজ নিয়ে জানা যায়, বেগমগঞ্জের আলাইয়াপুর গ্রামের বাসিন্দা আজহার উল্লা মিয়া ৪২ শতাংশ জমি কাজিরহাট পাবলিক হাইস্কুলকে দান করেন। ১৯৩৭ সালের ১৫ মে ওই জমি রেজিস্ট্রি করা হয়। দানপত্রের শর্ত ছিল—শ্রেণীকক্ষ, শিক্ষার্থীদের জন্য হোস্টেল ও খেলার মাঠ ছাড়া ওই জমি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।স্বাধীনতার পর কাজিরহাট পাবলিক হাইস্কুলের নাম বদলে মুক্তিযুদ্ধে শহীদ আমানউল্যাহর নামে নামকরণ করা হয়।সূত্র জানায়, ১৯৬৮ সালের ফেব্রুয়ারিতে জমির দাতা আজহার উল্লা মিয়া মারা যান। তাঁর মৃত্যুর পর বিদ্যালয়ের তৎকালীন ব্যবস্থাপনা কমিটি কাজিরহাট বাজারের প্রধান সড়কসংলগ্ন বিদ্যালয়ের জমিতে দোকানঘর তৈরি করে ভাড়া দেন।শর্ত ভেঙে দান করা জমিতে যাতে দোকানঘর নির্মাণ করা না হয়, সে জন্য ১৯৮৬ সালের ৫ জুন বিদ্যালয়ের তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ নয়জনকে বিবাদী করে বেগমগঞ্জ সহকারী জজ আদালতে মামলা করেন আজহার উল্লা মিয়ার দুই মেয়ে।সূত্র জানায়, ১৯৮৮ সালের ১১ জুলাই দুই পক্ষের সমঝোতার মাধ্যমে মামলাটির নিষ্পত্তি করা হয়। মীমাংসার শর্ত ছিল, যত দ্রুত সম্ভব দান করা জমিতে নির্মাণ করা দোকানঘর উচ্ছেদ করা হবে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ ভাড়া দেওয়া দোকানগুলো উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেয়নি। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সহসভাপতি আকবর হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর রাতে চারটি শ্রেণীকক্ষকে দোকানে রূপান্তর করা হয়েছে। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে।’স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা ফজলুল হক বলেন, ‘বিদ্যালয়ের বর্তমান ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষক পরস্পরের যোগসাজশে বিদ্যালয়কে ব্যবসা কেন্দ্রে পরিণত করতে শ্রেণীকক্ষে দোকান বসিয়েছেন।’প্রধান শিক্ষক মো. গাজীউল হক বলেন, ‘রাস্তার পাশে হওয়ায় ওই কক্ষগুলোতে ঠিকমতো ক্লাস নেওয়া যায় না। তাই চারটি শ্রেণীকক্ষ ভেঙে নয়টি দোকান করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের আয় বাড়বে।’ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু নাছের বলেন, ‘রাতে দোকানঘর তৈরির কথা ঠিক নয়। মাইকিং ও লটারি করে নয় ব্যক্তির কাছে দোকানঘর ভাড়া দেওয়া হয়েছে। ভাড়া থেকে পাওয়া অর্থ বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষকদের বেতন বাবদ খরচ করা হবে।’ দোকানের কারণে বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন আবু নাছের।