শ্রেণীকক্ষ যাত্রাশিল্পীদের বিশ্রামাগার, মাঠে যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বিদ্যালয়ের মাঠে যাত্রামঞ্চ। আরেকটির মাঠে চলছে সার্কাস। আর মাদ্রাসার মাঠে বসেছে দোকানের পসরা। কোনোটিতে নেই কোনো ছুটির বিজ্ঞপ্তি। শ্রেণীকক্ষ ব্যবহার করা হচ্ছে যাত্রাশিল্পীদের বিশ্রামাগার ও থাকার জায়গা হিসেবে। এ কারণে প্রতিদিনই স্কুলে এসে ফিরে যাচ্ছে ছাত্রছাত্রীরা। কবে ক্লাস শুরু হবে, তা-ও জানে না কেউ। বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ এপ্রিল থেকে চলছে এ পরিস্থিতি।গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, গাংনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে হাউজি ও যাত্রামঞ্চ করা হয়েছে। আর শ্রেণীকক্ষগুলোতে করা হয়েছে যাত্রাশিল্পীদের থাকার ব্যবস্থা। আলে মাহমুদ উচ্চবিদ্যালয়ের মাঠজুড়ে সার্কাসের বিশাল মঞ্চ আর হরেক রকম দোকানের পসরা বসানো হয়েছে। মাদ্রাসার মাঠজুড়ে বসেছে মসলা-জাতীয় পণ্যের শতাধিক দোকান। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এ কারণে কয়েক দিন ধরে ক্লাস চলছে না। এ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবগুলোতেই শ্রেণীকক্ষে তালা ঝুলতে দেখা গেছে।আলে মাহমুদ উচ্চবিদ্যালয়ের পাশেই উপস্বাস্থ্যকেন্দ্রের মাঠে বসানো হয়েছে চুড়ি-ফিতার দোকান। এর পাশে পতিত জমিতে বিচিত্রা অনুষ্ঠানের নামে চলছে অশ্লীল নাচ-গানের আসর। এসব মঞ্চ থেকে মাইকে উচ্চ শব্দে হিন্দি গান বাজানো হচ্ছে। আর সেই গানের সঙ্গে চলছে অশ্লীল নৃত্য। অভিযোগ রয়েছে, আলে মাহমুদ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম নিজেই এ মেলার ইজারাদার। মেলায় লাভের অংশ দেওয়ার কথা বলে এ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করা হচ্ছে।এ বিষয়ে জহুরুল ইসলাম বলেন, অচিরেই ক্লাস শুরু হবে। আর ছাত্রদের এক দিনের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে ব্যবহার করা হয়েছে। মেলায় যাত্রা ও জুয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি এসব করার কোনো অনুমতি দিইনি। স্থানীয়রা প্রশাসনকে ম্যানেজ করে এসব করছে।’গাংনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজনের চাপে বিদ্যালয় ব্যবহার করতে দিতে বাধ্য হয়েছি।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোর্শেদ বলেন, ‘আমি বিষয়টি জানি না। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে এখনই কথা বলছি।’উপজেলার মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, ‘আমরা আয়োজকদের যাত্রা ও জুয়া বন্ধ করতে নিষেধ করেছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, এ ব্যাপারে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।