শ্রেণীকক্ষ-সংকটে ছাদে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্ষ ও বেঞ্চ-সংকটের কারণে গোপালগঞ্জের কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। সংকট দূর করার জন্য ছাদে টিনের ছাউনি দিয়ে একটি শ্রেণীকক্ষের ব্যবস্থা করা হয়েছে। তবে বৃষ্টি হলে সেখানে পাঠদান বন্ধ থাকে। কলেজ সূত্রে জানা গেছে, এলাকার শিক্ষানুরাগী মরহুম এম এ খালেক ১৯৭০ সালে কাশিয়ানী সদরে এ কলেজটি প্রতিষ্ঠা করেন। নিজ খরচে নির্মাণ করেন একটি ভবন। ১৯৮৭ সালে কলেজটিতে ডিগ্রি চালু করা হয়। ১৯৯৭ সালে একটি তিনতলা ভবন নির্মাণ করা হয়। কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পুরোনো ভবনটি ভেঙে ফেলা হয়। এখানে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে এক হাজার ৩১৯ জন শিক্ষার্থী লেখাপড়া করে। সরেজমিনে দেখা গেছে, তিনতলা ভবনের নিচতলায় চারটি কক্ষ রয়েছে। এগুলো অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকদের কমনরুম ও গ্রন্থাগার হিসেবে ব্যবহূত হয়। দ্বিতীয় ও তৃতীয় তলার আটটি কক্ষে সব শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা সম্ভব হয় না। এ কারণে টিনের ছাউনি দিয়ে একটি শ্রেণীকক্ষ করা হয়েছে। সেখানে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হয়। একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলে, প্রচণ্ড গরমে ছাদের শ্রেণীকক্ষে পাঠদান করতে সমস্যা হয়। ছাউনির টিনে অসংখ্য ছিদ্র। তাই বৃষ্টি হলেই পানি পড়ে শ্রেণীকক্ষের ভেতর। কোনো বৈদ্যুতিক পাখা নেই। একাদশ শ্রেণীর আরেক শিক্ষার্থী আইরিন সুলতানা জানায়, বৃষ্টি হলে মেয়েদের অসুবিধা বেশি। ভিজে কাপড়ে বাড়ি ফিরতে হয়। নিচে নামতে নামতে ভিজে যায়। এত শিক্ষার্থী নিচে নেমে দাঁড়ানোরও কোনো জায়গা থাকে না। একই শ্রেণীর মারিয়া খান নূপুর বলে, এসব সমস্যার পর আবার শ্রেণীকক্ষে পর্যাপ্ত বেঞ্চ নেই। কলেজে সীমানাপ্রাচীর নেই। ছাত্রীদের কমনরুম নেই। বিজ্ঞানের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসও নিয়মিত হয় না। কলেজের অধ্যক্ষ কে এম মাহমুদ জানান, বৃষ্টি শুরু হলে শিক্ষার্থীদের নিচে নিয়ে আসা হয়। ঝোড়ো আবহাওয়া ও জোরে বৃষ্টি হলে ক্লাস বন্ধ রাখা হয়। উপাধ্যক্ষ দিলিপকুমার সাহা বলেন, শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে এখানে আরও ছয়টি শ্রেণীকক্ষ প্রয়োজন। কক্ষ না থাকায় কমনরুম নেই। আসবাবেরও সংকট আছে। আমাদের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তাঁকে এসব ব্যাপারে বলা হয়েছে।