শ্রেণীকক্ষ-সংকটের কারণে কুড়িগ্রামের নাগেশ্বরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকেরা। উপজেলার একমাত্র মডেল প্রাথমিক বিদ্যালয়টির ফলাফল এবং শিক্ষার মান অত্যন্ত ভালো হলেও শ্রেণীকক্ষ-সংকট তাদের ভাবিয়ে তুলেছে। ২০১১ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ৬০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৭ জন জিপিএ-৫-সহ শতভাগ উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে দুই হাজার ৫০০ বইয়ের একটি পাঠাগার।স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৪২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টির বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩৯০ জন। গত বছর শিক্ষার্থী ছিল ৪৫৪ জন। শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক ১১ জন থাকলেও শ্রেণীকক্ষ-সংকটে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা মমতাজ বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক। কিন্তু কয়েক বছর ধরে শ্রেণীকক্ষ-সংকটে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাচ্ছে। এ সংকট নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন করলেও এখন পর্যন্ত এ সংকট নিরসন হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ-উল- ইসলাম জানান, গত বছরের ১৭ মে উপজেলা শিক্ষা কমিটির সভায় ওই বিদ্যালয়টির শ্রেণীকক্ষ বাড়ানোর সুপারিশসহ একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো নির্দেশ পাওয়া যায়নি। নির্দেশ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।