শ্রেণীকক্ষে অশালীন মন্তব্য করে চাকরি হারালেন শিক্ষক
শ্রেণীকক্ষে পাঠদানের সময় ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করায় চাকরি গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৫০তম সিন্ডিকেট বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শাওন উদ্দিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে শ্রেণীকক্ষে ছাত্রীদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের কাছে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। পরে তদন্ত সাপেক্ষে নৈতিক স্খলনের অভিযোগে ২০১২ সালের যৌন নিপীড়নবিরোধী নীতিমালা অনুযায়ী সেল ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করে। সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শাওন উদ্দিনকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সূত্রে আরও জানা যায়, গত সোমবার সিন্ডিকেটের বৈঠকে ছাত্র-শিক্ষক সংস্কৃতি কেন্দ্রের (টিএসসিসি) প্রশিক্ষক সারোয়ার হোসেনকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে এক শিক্ষকের বাসায় এক ছাত্রীকে সংগীত প্রশিক্ষণ দেওয়ার সময় যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।
বরখাস্তের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী শিক্ষক শাওন উদ্দিনকে এবং টিএসসিসির প্রশিক্ষক সারোয়ার হোসেনকে বরখাস্ত করা হয়েছে।’
তবে শাওন উদ্দিন বলেন, ‘এ অভিযোগে এর আগে বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাচের একাডেমিক কার্যক্রম থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়। ওই শাস্তি চলমান থাকার পরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে কোনো ব্যক্তির একাধিকবার শাস্তি হতে পারে না। অফিসিয়ালি কাগজ পেলে এ ব্যাপারে পদক্ষেপ নেব।’
এদিকে টিএসসিসির প্রশিক্ষক সানোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
কর্মচারীর টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত কমিটি
চাকরি দেওয়ার নাম করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীর টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতে সিন্ডিকেট বৈঠকে এ কমিটি গঠন করা হয়।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, ওই দুই কর্মচারী হলেন রেজিস্ট্রার দপ্তরের খালেদ হোসেন সরদার এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের শঙ্কর চন্দ্র সাহা। চাকরি দেওয়ার কথা বলে খালেদ হোসেন সরদার এক প্রার্থীর বাবার কাছ থেকে নয় লাখ টাকা এবং শঙ্কর চন্দ্র সাহা তিন চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা নিয়ে তা ফেরত দিচ্ছেন না বলে ভুক্তভোগীরা উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করলে এ তদন্ত কমিটি গঠন করা হয়।