শ্রেণীকক্ষে ছুরিকাঘাত ছাত্র জখম
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের জেবি পাইলট উচ্চবিদ্যালয়ে হাসান মোল্লা (১৪) নামের এক ছাত্র একই বিদ্যালয়ের আরেক ছাত্রের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে। গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি কক্ষে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের নবম শ্রেণীতে অধ্যয়নরত একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, সকাল সাড়ে নয়টার দিকে অন্যান্য সহপাঠীর সঙ্গে হাসান শ্রেণীকক্ষে বসেছিল। শিক্ষক তখনো শ্রেণীকক্ষে আসেননি। এ সময় হঠাৎ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার দশম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান ক্লাসে ঢুকে হাসান মোল্লার পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় মতলব থানায় তিনি একটি অভিযোগ দিয়েছেন। থানা সূত্র জানায়, হামলাকারী মেহেদী হাসানকে আটকের চেষ্টা চলছে। এর আগে একটি খেলার অনুষ্ঠানকে কেন্দ্র করে হাসান মোল্লা ও মেহেদী হাসানের মধ্যে হাতাহাতি হয়েছিল।