পাঠদানরত অবস্থায় শ্রেণীকক্ষে ঢুকে আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসীরা এক ছাত্রকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রকে রক্ষা করতে গিয়ে তিনজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। গত মঙ্গলবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে আরিফ, রাজীব, মমিন, শরিফ, নিশান ও জামিরুল নামে ৮-১০ জন শ্রেণীকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাহীনকে মারধর শুরু করেন। এ সময় শিক্ষক আবদুর রহমান বাধা দিতে গেলে তাঁকে ধাক্কা দেওয়া হয়। পরে স্কুলের অন্য দুই শিক্ষক আলমগীর হোসেন ও আজাদুর রহমানকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন তাঁরা।শিক্ষক আবদুর রহমান জানান, শাহীনের সহপাঠী ফারুকের ভাই আরিফসহ ৮-১০ জনের একটি দল জোর করে শ্রেণীকক্ষে ঢুকে শাহীনকে মারধর করতে থাকে। তাঁদের বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁকেসহ আরও দুই সহকারী শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল হাফিজের সঙ্গে দেখা করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ইউএনও মঞ্জুরুল হাফিজ বলেন, ‘মিরপুর থানার ওসিকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।’