শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রীকে উত্ত্যক্ত বখাটেকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজের শ্রেণীকক্ষে দলবল নিয়ে ঢুকে মিজান নামের ছাত্রলীগ নামধারী এক বখাটে এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে তারা। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা রোববার রাতে শহরের স্টেশন এলাকা থেকে মিজানকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ ব্যাপারে রোববার রাতে ওই ছাত্রীর বাবা আদমদীঘি থানায় মামলা করেছেন।কলেজের একাদশ শ্রেণীর ওই ছাত্রী জানায়, রোববার প্রথম ঘণ্টার ক্লাস শেষে শিক্ষক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মিজান তার সহযোগী আরমান ও আমিরুলসহ দলবল নিয়ে ক্লাসে ঢুকে পড়ে। তারা তাকে ছাড়া ক্লাসের সব ছাত্রছাত্রীকে জোরপূর্বক বের করে দেয়। এরপর মিজান ক্লাসের সব দরজা-জানালা বন্ধ করে হুমকি দিয়ে ছাত্রীটিকে বলে, ‘আমি যে তোর সঙ্গে প্রেম করতে চাই এবং তোকে বিয়ে করতে চাই, এ কথা তোর বাবাকে কেন বলে দিয়েছিস? তুই যদি আমাকে বিয়ে না করিস, তাহলে তোর জীবনের “শেষ খবর” করে দেব।’ওই ছাত্রীর বাবা বলেন, ‘মিজান তার দলবল নিয়ে বেশ কিছুদিন ধরে কলেজে যাওয়ার পথে আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। রোববার মেয়ের ফোন পেয়ে দ্রুত কলেজে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি।’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম খান জানান, বিষয়টি সম্পর্কে কেউ তাঁকে কিছু জানায়নি।সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই, এ কারণে মিজানকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কলেজ ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা ছাত্রলীগের সঙ্গে জড়িত নয়। মিজানকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ সোমবার মিজানকে আদালতে পাঠিয়েছে।উত্ত্যক্তকারীকে পিটিয়ে পুলিশেস্কুলে যাওয়ার পথে নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় আদমদীঘিতে আবদুল আলিম (২৬) নামের এক বখাটেকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের আদমদীঘি বালিকা উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ওই ছাত্রী রোববার সকাল নয়টার দিকে স্কুলে যাওয়ার সময় আদমদীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) পাশের রাস্তায় আবদুল আলিম তাকে জাপটে ধরে। মেয়েটির চিৎকার শুনে লোকজন এসে আলিমকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। আলিম পেশায় ভ্যানচালক এবং বিবাহিত। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।