শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষকদের জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত এক তরুণ শ্রেণীকক্ষে ঢুকে পাঠদানরত তিন শিক্ষককে কুপিয়ে আহত করেছেন। এ ঘটনা ঘটেছে গতকাল রোববার কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ সড়কের ‘বাবর ম্যানশনে’ অবস্থিত শাহীন স্কুল অ্যান্ড কোচিং সেন্টারে।
আহত তিন শিক্ষক হলেন রিনা আক্তার, শায়লা শারমিন ও শাহিনুল ইসলাম। তাঁদের মধ্যে রিনা আক্তার ও শায়লা শারমিনের অবস্থা গুরুতর।
এ ঘটনার পর পুলিশ হামলাকারী তানভীর হোসেন ওরফে রাজনকে (২৮) গ্রেপ্তার করেছে। তিনি ওই বিদ্যালয় ভবনের মালিক বাবর আলীর ছেলে।
শাহীন স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের কিশোরগঞ্জ শাখার পরিচালক আমিনুল ইসলাম ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল ১০টায় বিদ্যালয়ের ক্লাস শুরু হয়। প্রথম ঘণ্টায় ভবনটির দোতলায় অবস্থিত নার্সারি শ্রেণীতে শিক্ষক রিনা আক্তার পাঠদান করছিলেন। পাঠদানের শেষ পর্যায়ে তানভীর ভবনের তিনতলা থেকে নেমে শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষক রিনা আক্তারের মাথায়, হাতে ও শরীরে উপর্যুপরি কোপাতে থাকেন। এরপর তানভীর পাশের প্লে গ্রুপের শ্রেণীকক্ষে পাঠদানরত শায়লা শারমিন এবং কম্পিউটার কক্ষে দায়িত্ব পালনরত বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষক শাহিনুল ইসলামকেও কুপিয়ে জখম করেন। এ সময় বিদ্যালয়ে উপস্থিত দুই শতাধিক শিক্ষার্থী প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে। এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মোল্লা নজরুল ইসলাম জানান, পরিচালক ও আহত অপর দুই শিক্ষিকাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মাথায় আঘাত পাওয়া দুই শিক্ষিকা এখনো শঙ্কামুক্ত নন। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এলাকার অনেকে জানান, হামলাকারী তানভীর হেরোইনে আসক্ত ছিলেন। তিনি সারা দিন নেশাগ্রস্ত থাকেন। বেকার ছিলেন বলে তাঁর মধ্যে হতাশা ছিল। তিনি মা-বাবাকে একটি দোকান করে দেওয়ার জন্য প্রায়ই চাপ দিতেন।
তানভীরের বাবা বাবর আলী দাবি করেন, তাঁর ছেলে মানসিকভাবে অসুস্থ। কোনো কারণ ছাড়াই বাসার জিনিসপত্র তছনছ করার পর তিনি এ ঘটনা ঘটিয়েছেন। সদর মডেল থানার ওসি আবদুল মালেক জানান, তানভীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।