শ্রেণীকক্ষে ঢুকে স্কুলছাত্রকে পুলিশের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী থানার এক কনস্টেবল গতকাল মঙ্গলবার তুচ্ছ বিষয় নিয়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরে গুরুতর আহত আবু তালেবকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আবু তালেব নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে বলে, ‘টিফিনের পর শ্রেণীকক্ষে গিয়ে বেঞ্চে বসি। এ সময় সহপাঠী আ. আহাদ মিয়া এসে বলে, তুই এই বেঞ্চ থেকে উঠে যা, আমি এখানে বসব। আমি বেঞ্চ থেকে না ওঠায় সে বাড়িতে গিয়ে তার বাবা নিকলী থানার পুলিশ সদস্য আবু সায়িদকে নিয়ে স্কুলে আসে। আবু সায়িদ স্কুলে এসে শেণীকক্ষেই আমাকে চড়-থাপড় মারতে থাকেন। একপর্যায়ে টেনে-হিঁচড়ে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যান। প্রধান শিক্ষক আমাকে বাড়ি চলে যেতে বলেন। বাড়িতে গিয়ে আমি বাবাকে ঘটনাটি জানাই। বাবা আমাকে নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’
এ ব্যাপারে নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজা বলেন, ‘আমার কাছে ছাত্রটিকে আনার পর আমি ওই পুলিশ কনস্টেবলকে বলেছি, আপনি আইনের লোক হয়ে ছাত্রটির গায়ে হাত দিলেন কেন। আমরা শিক্ষকেরাই ছাত্রদের মারধর করি না, এটা আপনি ঠিক করেননি।’
আবু সায়িদ বলেন, ‘আমি ছাত্রটিকে মারধর করিনি। তবে টেনে-হিঁচড়ে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে গেছি। এতে হাতে একটু ব্যথা পেতে পারে। এটা আমার ভুল হয়ে গেছে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাইন উদ্দিন প্রথম আলোকে বলেন, আহত ছাত্র আবু তালেবের সমস্ত শরীরেই ব্যথা। তা ছাড়া, তার বাঁ হাত ভেঙে গিয়ে থাকতে পারে। এটা নিশ্চিত হতে তাকে এক্স-রে করতে বলা হয়েছে।