শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সব শ্রেণীকক্ষে তালা লাগিয়ে দিয়েছে। নতুন প্রধান শিক্ষক নিয়োগ, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন ও শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে গতকাল বুধবার তারা এ তালা লাগিয়েছে। দশম শ্রেণীর শিক্ষার্থী সৈয়দ ফারহান-উল-হক বলে, ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন নাহার গ্রামবাসীর বৈঠকের সিদ্ধান্ত না মানায় আমরা আন্দোলনে নেমেছি।’ শিক্ষার্থী ও অভিভাবক জানান, সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে দুই বছর ধরে এলাকার দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ বিল্লাল বাদী হয়ে বিদ্যমান কমিটিকে বহাল রাখার দাবিতে আদালতে মামলাও করেন। সম্প্রতি গ্রামের সভায় এসব বিরোধ নিষ্পত্তি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন নাহারকে দায়িত্ব ছেড়ে দিয়ে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। গত সোমবার ছিল মামলা প্রত্যাহার করার শেষ দিন। ওই দিন নুরুন নাহার মামলা তুলে আনতে না যাওয়ায় গতকাল শিক্ষার্থীরা তাঁর পদত্যাগ দাবি করে মিছিলসহ বিদ্যালয়ের সব কটি কক্ষে তালা লাগিয়ে দেয়। সৈয়দপুর শাহারপাড়ার ইউপি চেয়ারম্যান আবুল হাসান জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামলা তুলে আনতে গড়িমসি করায় শিক্ষার্থীরা তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে। নুরুন নাহার বলেন, ‘আমি মামলার বাদী নই। আমি কীভাবে মামলা তুলব? গ্রামের সভায় সিদ্ধান্ত হয়েছে মামলা তুলে আনার পর আমি আমার দায়িত্ব থেকে সরে যাব। আমি বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ অব্যাহত রাখতে সিদ্ধান্ত মেনে নিয়েছি।’