শ্রেণীকক্ষে দুই ছাত্রীকে যৌন হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। ২১ মার্চের ওই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।অভিযোগ ওঠা শিক্ষক শফিকুল ইসলাম ও ফাইমুন হোসেনকে উপজেলার অপর দুটি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ২১ মার্চ বিকেলে কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শেষে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর দুই ছাত্রী শ্রেণীকক্ষের জানালা বন্ধ করছিল। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ও ফাইমুন শ্রেণীকক্ষে ঢুকে দুই ছাত্রীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ছাত্রীরা চিৎকার দিলে বিদ্যালয়ের পাশের মাঠে ক্রিকেট খেলা যুবকেরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। দুই ছাত্রী বাড়ি গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়।এক ছাত্রীর অভিভাবক ওই দিনই দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ঘটনা খুলে বলেন এবং দোষী শিক্ষকদের শাস্তি দাবি করেন।কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম জানান, দুই ছাত্রী ও উদ্ধারকারী যুবকদের বর্ণনা অনুযায়ী অভিযোগ সত্য বলেই মনে হয়েছে।তবে শিক্ষক শফিকুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাঁরা বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকদের গভীর ষড়যন্ত্রের শিকার।এদিকে চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের প্রকল্প সমন্বয়কারী নারীনেত্রী আসমা হেনা অভিযোগ করেন, ওই দুই শিক্ষক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাঁদের রক্ষার জন্য অনেকেই চেষ্টা করছেন। তা ছাড়া যৌন হয়রানির শাস্তি কখনোই বদলি হতে পারে না। ওই দুই শিক্ষককে চাকরিচ্যুতের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।এদিকে অভিযোগ উঠেছে, দুই শিক্ষককে রক্ষা করতে দামুড়হুদা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রকৃত ঘটনা আড়াল করেছেন। অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষা কর্মকর্তা জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পরামর্শ অনুযায়ী দুই শিক্ষককে বদলি করা হয়।তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, দামুড়হুদা উপজেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি বিস্তারিত খুলে বলেননি।