শ্রেণীকক্ষে পাঁচ বছর ধরে শিক্ষকের বসবাস
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেদী হাসান প্রায় পাঁচ বছর ধরে বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। এ কারণে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা একমাত্র নলকূপের পানি পান ও তিনটি শৌচাগার ব্যবহার করতে পারছে না।
এ ব্যাপারে মেহেদী হাসান বলেন, ‘আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে।’ কীভাবে পরিবার নিয়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বসবাস করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের প্রতি মাসের সমুদয় বিদ্যুৎ বিল পরিশোধ করে পাঁচ বছর ধরে আমি এ কক্ষে বসবাস করছি।’ তিনি আরও বলেন, ‘আমার পরিবারের সদস্যরা ময়মনসিংহ শহরে বসবাস শুরু করছে। অচিরেই কক্ষটি আমি ছেড়ে দেব।’
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলার তিনটি কক্ষ রয়েছে। এর মধ্যে দক্ষিণ দিকের ২৫ ফুট প্রস্থ ও ৩০ ফুট দৈর্ঘ্যের কক্ষে একটি পরিবার বসবাস করছে। কক্ষসংলগ্ন দক্ষিণ দিকের তিনটি শৌচাগার (টয়লেট), দুটি প্রস্রাবখানা ও একটি নলকূপ ওই পরিবারের ব্যবহারের জন্য বেড়া দিয়ে রাখা হয়েছে। বিদ্যালয়ের বারান্দাসহ সামনের অংশে টিনের বেড়া দিয়ে রান্নাঘর তৈরি করা হয়েছে।
বিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সাল থেকে শিক্ষক মেহেদী হাসান পরিবার নিয়ে ওই কক্ষে থাকছেন। স্থানীয় সাংসদ এক বছর আগে ওই কক্ষটি খালি করার নির্দেশ দিলেও অজ্ঞাত কারণে তা আজও কার্যকর হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলে, ‘স্যার এখানে পরিবার নিয়ে বসবাস করায় আমরা টয়লেট ও নলকূপ ব্যবহার করতে পারছি না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজাহারুল ইসলাম বলেন, ‘আমি দুই বছর আগে এ বিদ্যালয়ে যোগ দিই। এর অনেক আগে থেকেই মেহেদী হাসান বিদ্যালয়ের কক্ষটি ব্যবহার করে আসছেন। এর বেশি কিছু আমি বলতে পারব না।’
জানতে চাইলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল মিয়া বলেন, ‘মেহেদী হাসান বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির
অনুমতি নিয়ে ওই কক্ষে বসবাস করছেন। অবশ্য এ জন্য সরকারিভাবে কোনো অনুমতি নেওয়া হয়নি।’
তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী খান প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের শ্রেণীকক্ষ শিক্ষকের আবাসিকভাবে ব্যবহার করার কোনে বিধান নাই। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এ সিদ্ধান্ত সঠিক নয়। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’