শ্রেণীকক্ষে পুলিশ ক্যাম্প পাঠদান বারান্দায়!
পুরোনো ও নতুন মিলে বিদ্যালয়টিতে ভবন আছে মাত্র দুটি। দুই ভবনের ১০টি শ্রেণীকক্ষের তিনটিতে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প। বাকি সাতটিতে চলে ৫০০ শিক্ষার্থীর পাঠদান। কিন্তু জায়গা না হওয়ায় প্রায়ই তাদের বারান্দায় বসে পাঠ নিতে হয়। ছয় বছর ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে পুলিশের অস্থায়ী ওই ক্যাম্পের কাজ চলছে।বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশ ক্যাম্পটি স্থানান্তরের জন্য একাধিকবার আবেদন করলেও কোনো কাজ হয়নি। অথচ ছয় মাসের কথা বলে ছয় বছর ধরে ভবনটি দখল করে রেখেছে পুলিশ। কুষ্টিয়া সীমান্তে উপজেলার প্রত্যন্ত বাজার কাতলাগাড়ীতে ১৯৩৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন ১১ জন, আর কর্মচারী চারজন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান জানান, তাঁর বিদ্যালয়ে পড়ালেখার মান সন্তোষজনক। ২০০৩ সালে কাতলাগাড়ী বাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপিত হয়। সে সময় ক্যাম্পের ওই পুলিশ সদস্যদের থাকার কোনো জায়গা ছিল না। পুলিশ ও এলাকাবাসীর অনুরোধে বিদ্যালয় কর্তৃপক্ষ ছয় মাসের জন্য একটি ভবন ব্যবহারের অনুমতি দেয়। কিন্তু গত ছয় বছরেও তারা ভবনটি ছাড়েনি। এতে তাদের পাঠদান ব্যাহত হচ্ছে।প্রধান শিক্ষক আরও জানান, বর্তমানে এক কক্ষে ৮০-৯০ জন শিক্ষার্থী পাঠ নেয়। ছোট ছোট কক্ষে ৭০-৮০ জন শিক্ষার্থী বসিয়ে পাঠদান কখনো সম্ভব নয়। এ ছাড়া রয়েছে আসামি ধরে এনে মাঠে শিক্ষার্থীদের সামনে নির্যাতনের ঘটনা, যা দেখে কোমলমতি শিক্ষার্থীদের মনে ভীতির সৃষ্টি হচ্ছে।বিদ্যালয়ের গ্রন্থাগারিক পৃতিকা রানী বিশ্বাস জানান, গ্রন্থাগারের চেয়ার-টেবিলও ক্যাম্পে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। একটি মাত্র টেবিলের ওপর চলছে গ্রন্থাগারের কাজ।দশম শ্রেণীর ছাত্রী রত্না পারভীন ও শিউলী খাতুন জানায়, বিদ্যালয়ের ভেতরে পুলিশ ক্যাম্প হওয়ায় ছাত্রীদের নানা সমস্যায় পড়তে হয়। তারা বিদ্যালয়ের ভেতরেও স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। দশম শ্রেণীর আরেক ছাত্র শাওন জানায়, কয়েক দিন আগে কয়েকজন বন্ধু মিলে একত্রে টিউবওয়েলে পানি খেতে গেলে নিষেধ করা হয়। পুলিশ সদস্যরা বলেন, ‘এখানে একজন একজন করে আসতে হবে।’ সেই নিয়ম এখনো চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণীর আরেক ছাত্র জানায়, নতুন ভবনে স্থাপিত শৌচাগার ব্যবহারেও পুলিশের অনুমতি নিতে হয়।স্থানীয় সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘এলাকার মানুষের জন্য ক্যাম্প স্থাপন করা হয়েছে। কিন্তু বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে ভবন দখলে রেখে দীর্ঘদিন ক্যাম্পের কাজ পরিচালনা করা ঠিক নয়।’শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তাঁরাও চান স্কুলের ভবন ছেড়ে দিতে। কারণ সেখানে পুলিশ সদস্যদের থাকার পরিবেশ নেই। মাত্র তিনটি কক্ষে দুজন কর্মকর্তাসহ ২০ জন পুলিশ সদস্যকে থাকতে হয়। এলাকাবাসী একটা জায়গার ব্যবস্থা করে দিলে তাঁরা দ্রুত স্কুল ভবনটি ছেড়ে দেবেন বলে জানান। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, আসামি ধরে সরাসরি থানায় পাঠিয়ে দেওয়ার কথা। অস্থায়ী ক্যাম্পে রাখার কোনো বিধান নেই। বাথরুমে যেতে, টিউবওয়েলের পানি পান করতে শিক্ষার্থীদের বাধা দেওয়া হয় কেন—এমন প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন জানান, নিরাপত্তার কথা চিন্তা করেই এমন করা হয়।