শ্রেণীকক্ষে প্রবেশ করে ছাত্রকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহারে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে সারোয়ার (১৬) নামের এক ছাত্রকে কুপিয়ে জখম করেছে এক বখাটে সন্ত্রাসী।গতকাল শনিবার উপজেলার সুতারপাড়া ইসলামাবাদ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সারোয়ার পূর্ব সুতারপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে সারোয়ারের সঙ্গে অষ্টম শ্রেণীর ছাত্র নাহিদের ঝগড়া হয়। ঘটনার একপর্যায়ে সারোয়ার নাহিদকে থাপড় দেয়। বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জমির উদ্দিন দুজনকে ডেকে নিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর ক্লাস চলাকালীন নাহিদের ভাই জাহিদ শ্রেণীকক্ষে ঢুকে সারোয়ারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত সারোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জমির উদ্দিন বলেন, সারোয়ার ও নাহিদকে তাঁর কক্ষে ডেকে ঘটনা মীমাংসা করার কিছুক্ষণ পর হঠাৎ নাহিদের ভাই জাহিদ এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।দোহার থানার ওসি কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত সারোয়ারের বাবা বাদী হয়ে মামলা করেছেন। জাহিদকে গ্রেপ্তারের চেষ্টার অংশ হিসেবে তাঁর বাবা মোসলেমকে আটক করা হয়েছে।