বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্মবিরতি পালনরত শিক্ষকদের আবারও শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই আহ্বান জানিয়ে বলেন, ‘শিক্ষকেরা যেসব দাবি-দাওয়ার কথা বলে ক্লাস বন্ধ রাখছেন, সেগুলোর জন্য ক্লাস বন্ধের যৌক্তিকতা নেই। তাঁরা সঠিক কাজ করছেন না। তাঁরা অন্যায়ভাবে এটা করছেন। দাবিগুলো প্রশাসনিক, যেগুলোর সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব।’ তিনি বলেন, শিক্ষকেরা যে কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি নিয়ে আপত্তি তুলেছেন, তিনি প্রয়োজনে বুয়েটের উপাচার্যের সঙ্গে আলোচনা করে তা স্থগিত করবেন। তবু যেন শিক্ষকেরা ক্লাসে যান। শিক্ষামন্ত্রী এর আগে কর্মবিরতি প্রত্যাহারের জন্য দুই দফায় বুয়েট শিক্ষক সমিতির প্রতি আহ্বান জানিয়েছিলেন। বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ এবং সহ-উপাচার্যের পদ বিলুপ্তির দাবিতে ৭ এপ্রিল থেকে কর্মবিরতি পালন করছে শিক্ষক সমিতি।