শ্রেণীকক্ষে ফেরাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক শ্রেণীর দেড় শতাধিক শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে ফেরাতে কর্তৃপক্ষ গত শনিবার শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ সমাবেশের আয়োজন করেছে।খোঁজ নিয়ে জানা গেছে, শ্রেণীকক্ষ-সমস্যা, বসার বেঞ্চ ও খাওয়ার পানির সংকট, শিক্ষকস্বল্পতাসহ নানা অজুহাতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে শ্রেণীকক্ষে অনুপস্থিত। তাদের শ্রেণীকক্ষে ফেরাতে শিক্ষকেরা নানা উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছেন। অবশেষে গতকাল শনিবার কলেজ পরিচালনা কমিটির উদ্যোগে কলেজ ক্যাম্পাসে ‘অভিভাবক সমাবেশ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর ব্যানারে শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ সমাবেশ ডাকা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থী গোলাম রব্বানী বলেন, ‘কলেজে সমস্যার পাহাড়। মাঠে খেলা যায় না। শ্রেণীকক্ষে বৃষ্টির পানি পড়ে। নলকূপ না থাকায় খাওয়ার পানি পাওয়া যায় না। কলেজ চলাকালে শ্রেণীকক্ষেই ফেনসিডিল ও গাঁজাসেবীদের আড্ডা বসে। মোটকথা পড়ালেখার কোনো পরিবেশ নেই।’কলেজের অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস বলেন, ‘সমস্যা আছে সত্য, কিন্তু শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে না এলে সেই সমস্যার সমাধান হবে না। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষমুখী করতে নানা উদ্যোগ চালানো হয়েছে। কিন্তু কোনোভাবেই তাদের শ্রেণীকক্ষমুখী করা যায়নি। আজকের আয়োজনের মাধ্যমে সবাই শিক্ষার্থীদের শ্রেণীকক্ষমুখী করতে এগিয়ে আসবেন বলে আশা করছি।’কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাংসদ শাহীন মনোয়ারা হক বলেন, ‘এ কলেজের উন্নয়নের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে বরাদ্দ চাইতে গেলে শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফল দেখে কর্মকর্তারা আমাকে ব্যঙ্গ করেন। আমি লজ্জায় ফিরে আসি। আমাকে এ লজ্জা থেকে মুক্ত করার দায়িত্ব এখন শিক্ষার্থীদের। সাংসদ হিসেবে নয়, একজন মা হিসেবে শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, তোমরা ভালো ফল করে এ লজ্জা থেকে আমাকে মুক্ত করো।’অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী রাব্বিউল হাসান, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কাজী আবু রায়হান, আবদুর রহমান, মুনিশ চৌধুরী ও বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ ছালামত উল্লাহ।