শ্রেণীকক্ষে ফ্যানের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন ধরে চলা তীব্র দাবদাহে অতিষ্ঠ দিনাজপুরের পার্বতীপুর ডিগ্রি কলেজের কয়েক শ শিক্ষার্থী। শ্রেণীকক্ষে বৈদ্যুতিক পাখা (ফ্যান) লাগানোর দাবিতে গতকাল মঙ্গলবার তাঁরা ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা ১১টায় কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন এবং ক্লাস করা বন্ধ করে দেন। তাঁরা অধ্যক্ষের কাছে দেওয়া এক স্মারকলিপিতে তিন দিনের মধ্যে প্রতিটি শ্রেণীকক্ষে ফ্যান লাগানোর সময়সীমা বেঁধে দিয়েছেন। তা না হলে লাগাতার ক্লাস বর্জনের কর্মসূচি দেওয়া হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। ডিগ্রির প্রথম বর্ষের ছাত্র এরশাদ জানান, গত কয়েক দিনের প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে ক্লাস করতে পারছেন না। অথচ শ্রেণীকক্ষে ফ্যান লাগানোর কথা বলে দুই বছর আগে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাছ থেকে ৫০ টাকা করে আদায় করে। কলেজের অধ্যক্ষ নুরুল আমিন ছাত্রবিক্ষোভের কথা স্বীকার করে জানান, ছাত্রছাত্রীদের দাবি সম্পর্কে আলোচনার জন্য গতকাল দুপুর দুইটায় কলেজ পরিচালনা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। তিনি বলেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে রসিদমূলে ৫০ টাকা করে নেওয়া হলেও নানা কারণে এত দিন ফ্যান কেনা সম্ভব হয়নি। কলেজ পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সোহেল আহমেদ ও শিক্ষক প্রতিনিধি আনোয়ারুল কবির জানান, বুধবার (আজ) থেকে বিভিন্ন শ্রেণীকক্ষে সিলিং ফ্যান লাগানোর কাজ শুরু করা হবে।