শ্রেণীকক্ষে বখাটেদের হামলা, শিক্ষার্থী আহত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের বাশুরিয়া শামসুন্নাহার উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণীর পাঠদান চলাকালে গতকাল রোববার একদল বখাটে শ্রেণীকক্ষে ঢুকে সোহাগ মিয়া (১২) নামের ছাত্রকে ছুরি মেরে পালিয়ে যায়।
বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সূত্র জানায়, গত শনিবার বিদ্যালয়ের পাশে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাউয়াইল ইউনিয়নের বাদাই গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান দেখতে গিয়ে বাশুরিয়া গ্রামের বখাটে মজনু, শোভন ও আশিকের সঙ্গে বাদাই গ্রামের কয়েকজন বাসিন্দার কথা-কাটাকাটি হয়। গতকাল বাদাই গ্রাম থেকে বাশুরিয়া শামসুন্নাহার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সোহাগ প্রতিদিনের মতো শ্রেণীকক্ষে আসে। পাঠদান শুরু হওয়ার কিছু সময় পরই মজনু, শোভন ও আশিক শ্রেণীকক্ষে অতর্কিতে ঢুকে সোহাগের পেটে ছুরি দিয়ে আঘাত করে। এ সময় অন্য শিক্ষার্থীরা দৌড়ে পালিয়ে যায়। শিক্ষক সাবিনা ইয়াসমিন সোহাগকে উদ্ধারে এগিয়ে এলে বখাটেরা তাঁর ওপরও চড়াও হয়। পরে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় সোহাগকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবম শ্রেণীর শিক্ষার্থী আশিকুর রহমান বলে, ‘ওই তিন বখাটেকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।’