সামান্য বৃষ্টিতেই ক্লাসরুমে পানি জমে যায়। পানির মধ্যেই ক্লাস করেন শিক্ষার্থীরা। কিন্তু গত দুই দিনের টানা বর্ষণের কারণে এখন সেখানে আর ক্লাস করতে পারছেন না তাঁরা। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সদ্য নির্মাণাধীন বহুতল ভবনের চিত্র এটি। শিক্ষার্থীদের অভিযোগ, সমস্যা সমাধানের দাবি জানিয়েও কোনো সমাধান পাচ্ছেন না তাঁরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে ১৪ তলাবিশিষ্ট একটি ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ভবনটির দ্বিতীয় তলা পর্যন্ত কাজ শেষ হয়ে তৃতীয় তলার কাজ চলছে। কিন্তু এরই মধ্যে সেখানে সমস্যা দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। পানি জমে থাকায় ওই ভবনে ক্লাস ও দাপ্তরিক কাজ করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থী, শিক্ষক ও অন্যদের। কিন্তু গত দুই দিনের বৃষ্টির কারণে ভবনটির অন্যান্য কক্ষে কোনোরকমে ক্লাস করা গেলেও টেক্সটাইল কৌশল বিভাগের কক্ষে প্রচণ্ড পানি জমে যাওয়ায় চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা গতকাল বুধবার সেখানে কোনো ক্লাস করতে পারেননি। ফলে গতকাল তাঁদের কোনো ক্লাস হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সহিদ প্রথম আলোকে জানান, বিষয়টি শোনার পর তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুর রেজ্জাক জানান, নির্মাণাধীন ভবন হওয়ায় এক্সটেনশন জয়েন্ট দিয়ে পানি পড়ছে। পুরো কাজ (১৪ তলা) শেষ না হওয়া পর্যন্ত এ সমস্যা থেকেই যাবে। ১৪ তলার পুরো কাজ শেষ হতে তো কয়েক বছর লাগবে, তত দিন কি এ দুর্ভোগ পোহাতে হবে—এমন প্রশ্ন করা হলে তিনি জানান, দেখি বিকল্প কিছু করা যায় কি না।তাঁর এ বক্তব্য নাকচ করে দিয়ে পুরকৌশল বিভাগের একজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ শিক্ষক জানান, এগুলো দায় এড়ানো কথাবার্তা। এসবের কোনো ভিত্তি নেই। ওই শিক্ষক জানান, নির্মাণ কাজ পরিদর্শনে নিয়োজিত ব্যক্তিদের সদিচ্ছা থাকলেই এ সমস্যা সমাধান করা যায়।এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এদিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো শিক্ষা ভবনের অনেক কক্ষে বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে ক্লাস করতে পারেননি শিক্ষার্থীরা। এদিকে ঢাকা-গাজীপুর সড়কে প্রচণ্ড যানজটের কারণে নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ক্যাম্পাসে না পৌঁছাতে পারায় বেশ সংখ্যক ক্লাস পরীক্ষা হয়নি। এসব কারণে গত দুই দিনে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষায় ব্যাঘাত ঘটেছে।উপাচার্য এম সবদার আলী দুর্ভোগের কথা স্বীকার করে প্রথম আলোকে জানান, দ্রুত সমস্যা সমাধানের জন্য তিনি চেষ্টা করছেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।