শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন প্রক্রিয়াধীন, এটা সঠিক নয়। সামগ্রিক বিচারে এর বাস্তবায়ন অনেক দূর এগিয়েছে।গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান ‘জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নে অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক ওই সভা আয়োজন করে। তাদের এ আয়োজনে সহায়তা করে সিভিল সোসাইটি এডুকেশন ফান্ড। নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষানীতির লক্ষ্য অর্জনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এর ফলাফলও আসছে। এ প্রসঙ্গে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষার আয়োজন, বিনা মূল্যে সব বই বিতরণ, সৃজনশীল পরীক্ষাপদ্ধতি প্রণয়নসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।সভার উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানের মান সমান নয়। শ্রেণীকক্ষে মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের আর্থিক সুবিধা নিশ্চিত করলে কোচিং ও নোট-গাইড বন্ধ করা যাবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রয়োগের ফলে বিশ্ববিদ্যালয়গুলোয় শৃঙ্খলা অনেকাংশে ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন।জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো-চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত করার একধরনের উদ্যোগ শুরু হয়ে গেছে। এটি পুরোপুরি হতে সময় লাগবে। তিনি শিক্ষানীতি বাস্তবায়নে অর্থের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে বলেন, ‘অর্থের পরিমাণ বাড়াতে হবে। আগামী অর্থবছরে বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ আশা করছি।’গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ‘সিদ্ধান্ত অনেক হয়েছে। কিন্তু বাস্তবায়ন কতটুকু হয়েছে? আমরা এবার অ্যাকশন প্ল্যান চাই।’ শিক্ষা অধিকার আইন করার দাবি জানিয়ে তিনি বলেন, এটি হলে চরের বা দুর্গম এলাকার শিশুশিক্ষার্থী, মেয়ে বা সুবিধাবঞ্চিত শিশুরা আর পিছিয়ে পড়বে না।শিক্ষানীতি বাস্তবায়নে বিভিন্ন বাধা ও করণীয় নিয়ে সভায় ধারণাপত্র উপস্থাপন করেন শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য কাজী ফারুক আহমেদ। এ ছাড়া সাংসদ মমতাজ বেগম, সাবেক শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানসহ শিক্ষকনেতা, দাতা সংস্থা, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।