শ্রেণীকক্ষে শিক্ষককে মারলেন মেয়র, পরে ক্ষমা প্রার্থনা
মেয়েকে প্রহার করায় মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার মেয়র শিক্ষককে মারধর করেছেন। অবশ্য পরে তিনি এ ঘটনার জন্য অনুতপ্ত হয়ে ওই শিক্ষকের কাছে ক্ষমা চান।গতকাল বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলা পরিষদ কিন্ডারগার্টেন স্কুলে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার মেয়র আবু ইব্রাহীম জমশেদের মেয়ে তাহসিয়া খান কমলগঞ্জ উপজেলা পরিষদ কিন্ডারগার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। শ্রেণীতে দুষ্টুমি করায় গত মঙ্গলবার ওই স্কুলের শিক্ষক মাজহারুল ইসলাম তাকে স্কেল দিয়ে পেটান। পরে মেয়েটি এ ঘটনা বাড়িতে গিয়ে তার বাবাকে জানায়। কালীপূজা উপলক্ষে বুধবার স্কুল বন্ধ ছিল। গতকাল স্কুল খুললে বেলা সাড়ে ১১টার দিকে মেয়র জমশেদ স্কুলে গিয়ে মেয়ের শ্রেণীকক্ষে ঢুকে ওই শিক্ষককে মারধর করেন।স্কুলের অধ্যক্ষ রহিমা আক্তার বলেন, বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরীকে জানানো হয়। অধ্যক্ষ বলেন, ঘটনার ঘণ্টা খানেক পর মেয়র জমশেদ পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সানোয়ার হোসেনকে নিয়ে স্কুলে এসে ওই শিক্ষকের কাছে ক্ষমা চান। জানতে চাইলে শিক্ষক মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুষ্টুমির জন্য মেয়েটিকে স্কেল দিয়ে আঘাত করেছিলাম। কিন্তু তার বাবা আমাকে শ্রেণীকক্ষে সবার সামনে কলার ধরে তিন-চারটি চড় মারলেন।’ এ ব্যাপারে মেয়র জমশেদ বলেন, ওই শিক্ষক পরপর তিনদিন অন্যায়ভাবে তাঁর কোমলমতি মেয়েকে বেত্রাঘাত করেন। এ কারণে তিনি কিছুটা উত্তেজিত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পরে শিক্ষকের সঙ্গে বসে সমস্যার সমাধান করেছেন।ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী বলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন।