শ্রেণীকক্ষে শিক্ষকদের মুঠোফোন ব্যবহার বন্ধের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশু সাংসদদের’ সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষকদের শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করার বিষয়টি ‘সর্বোচ্চ গুরুত্ব’ সহকারে দেখা হবে। গতকাল রোববার শিশুদের প্রতীকী সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।অধিবেশনে শিশু সংসদের সদস্যরা ক্লাস চলাকালে শিক্ষকদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করা, শিক্ষাকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে নির্দিষ্ট করা, নীতিমালা করে স্কুলের সামনে সিডি-ভিসিডির দোকান নিষিদ্ধ করা, শিক্ষকেরা নিয়মিত ক্লাস নিচ্ছেন কি না, তা তদারক করা, স্কুলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এবং ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে সুপারিশ করে।সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ার সহায়তায় রাজধানীর এলজিইডি মিলনায়তনে শিশুদের প্রতীকী সংসদ—চাইল্ড পার্লামেন্টের সপ্তম অধিবেশন বসে। ‘শিক্ষা ও সুশাসন’ শীর্ষক অধিবেশনে ৬৪ জেলার ৬৪ জন প্রতিনিধি অংশ নেয়। এ ছাড়া সুবিধাবঞ্চিত আরও ১৬টি শিশু অধিবেশনে যোগ দেয়।অধিবেশনে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিশু সাংসদদের সুপারিশগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।দৃশ্যত সাম্প্রতিক সময়ে প্রকটভাবে দেখা দেওয়া মেয়েদের উত্ত্যক্ত করার সমস্যার প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন নৈতিক মূল্যবোধ ও মেয়েদের প্রতি ছেলেদের বিভ্রান্তিমূলক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার দিকনির্দেশনা সংবলিত একটি পুস্তিকা শিক্ষকদের দেওয়া হবে। এর আলোকে তাঁরা শিক্ষা দান করবেন।’