চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষেই সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শ্রেণীকক্ষে এ হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের কর্মীরা এ সময় সাংবাদিকদের হত্যার হুমকি দেন এবং শ্রেণীকক্ষে উপস্থিত ছাত্রীদের অশালীন ভাষায় গালিগালাজ করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি চট্টগ্রাম স্থানীয় দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এ বিশ্ববিদ্যালয়ের খাবারের মান নিয়ে প্রতিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনীম হাসান। এ সংবাদ প্রকাশের জের ধরে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স)’-এর সদস্য ও একাধিক মামলার আসামি রুবেল দের নেতৃত্বে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন কর্মী তাঁকে শ্রেণীকক্ষে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে তাঁর সহপাঠী ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুজিবুল করিমকে মারধর করেন। তিনি ক্যাম্পাসভিত্তিক অনলাইন পত্রিকা সিইউনিউজটোয়েন্টিফোরডটকমের প্রতিবেদক। এদিকে শ্রেণীকক্ষে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এ ঘটনায় জড়িত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাংবাদিক সমিতি। একই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লিখিত অভিযোগ জমা দিয়েছেন হামলার শিকার শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা দুঃখজনক। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক বলেন, হামলাকারী রুবেলের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।