শ্রেণীকক্ষের অভাবে মাঠে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষের অভাবে নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই চৌরঙ্গী মোড় রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করা হয় মাঠে।প্রথম শ্রেণীর ছাত্র আইনুল ইসলাম বলে, ‘আমাদের স্কুলের ঘর নাই, এই জন্য বাইরে বসা লাগে। বৃষ্টি হলে স্কুল ছুটি দেয়। আমাদের বসার বেঞ্চ নাই, এই জন্য আমরা ব্যাগে করে বই আনি, ওই ব্যাগে বসেই বই পড়ি। আর ওই ছোট টিনের ঘরটাতে বড়রা বসে, তাদের জায়গা হয় না।’সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, একঝাঁক শিশু দিনাজপুর সেচ খালের সড়কের পাশে মাঠে বসে শিক্ষকের কাছে পড়ছে। শিশু শিক্ষার্থীরা তাদের বই-খাতা আনার পলিথিনের ব্যাগ মাটিতে বিছিয়ে বসে পাঠ শিখছে। তাদের মাটিতে বসার জন্য বেঞ্চ বা চটের বস্তারও কোনো ব্যবস্থা নেই। পাশেই একটি টিনশেডের কাঁচা ঘর।অভিভাবক ছকিমুদ্দিন (৪৫) বলেন, ‘এখানে কাছাকাছি কোনো স্কুল নাই। এ জন্য বাধ্য হয়ে আমরা বাচ্চাদের এখানে পাঠাই। কিন্তু স্কুল ঘর নাই, বসার বেঞ্চ নাই, বৃষ্টি হলে স্কুল ছুটি হয়। খালি শুনি বিল্ডিং হবে হবে, কিন্তু কত দিনে হবে কে জানে?’বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, ৩৩ শতাংশ জমির ওপর ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে চারজন শিক্ষক কর্মরত আছেন। ২০১০ সালে ঝড়ে স্কুলঘরটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি টিনের ঘর করা হয়। এই ঘরে একটি শ্রেণীর ছাত্রছাত্রীর জায়গা হয় না। এ কারণে দুই পালায় পাঠদান করা হয়। প্রথম পালায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর এবং দ্বিতীয় পালায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করা হয়। বিদ্যালয়ে বর্তমানে সব মিলিয়ে ২১৫ জন শিক্ষার্থী আছে। বিদ্যালয়ের একটি ভবনের জন্য আবেদন করা আছে। তবে সেটি কী পর্যায়ে আছে জানা নেই।নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’