শ্রেণীকক্ষের অভাবে মেঝে কাদামাটিতে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের পূর্বচতলাখালী বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে গত বৃহস্পতিবার ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে পাঁচ শিক্ষার্থী আহত হয়। এর পর থেকেই বাইরে কাদাপানিতে বেঞ্চ পেতে চলছে বিদ্যালয়ের পাঠদান। বরগুনার পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ ও বেঞ্চের অভাবে শিক্ষার্থীদের মেঝেতে বসিয়ে চলছে পাঠদান। ২০০৭ সালে সিডরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এনসি তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাদ চুয়ে পানি পড়ে। বৃষ্টি হলেই পানিতে শিক্ষার্থীদের পোশাক, বই-খাতা সব ভিজে যায়। গত পাঁচ বছর ধরে বিদ্যালয়ে এভাবেই চলছে পাঠদান। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: গলাচিপা (পটুয়াখালী): রাঙ্গাবালী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে পূর্বচতলাখালী বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের একতলা ভবনটি নির্মিত হয়। এরপর ভবনটির কোনো সংস্কার করা হয়নি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মকবুলুর রহমান বলেন, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টিতে বর্তমানে ১৬০ জন শিক্ষার্থী রয়েছে। গত বৃহস্পতিবার ক্লাস চলাকালে বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ে চতুর্থ শ্রেণীর পাঁচ শিক্ষার্থী আহত হয়। এর পর থেকে বিদ্যালয়ের মাঠে খোলা জায়গায় কাদাপানিতে বেঞ্চ পেতে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণীর পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ছাদের পলেস্তারা খসে পড়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনা আমরা জেনেছি। বিদ্যালয়ের ওই ভবনটি এতই জরাজীর্ণ যে সেখানে কোনোভাবেই পাঠদান সম্ভব নয়। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে জরুরি ভিত্তিতে বিদ্যালয়ের একটি অস্থায়ী ভবন তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব।’ পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ ও বেঞ্চের অভাবে শিক্ষার্থীদের মেঝেতে বসিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। টিনশেড নির্মিত বিদ্যালয় ভবনের প্রতিটি শ্রেণীকক্ষে গড়ে ১০৩ জন শিক্ষার্থীর ক্লাস নেওয়ায় তাঁরা পাঠদানে মনোযোগ দিতে পারছে না। এ ছাড়া বৃষ্টির সময় বিদ্যালয়ের টিনের ছাদ দিয়ে পানি পড়ে শিক্ষার্থীদের বই-খাতা সব ভিজে যায়। শিক্ষার্থীরা জানায়, বৃষ্টির সময় শ্রেণীকক্ষের টিনের চাল দিয়ে পানি পড়ে বই-খাতা ভিজে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, ভালো লেখাপড়ার জন্য বিদ্যালয়ের সুনাম রয়েছে। এ কারণে বিদ্যালয়ে ভর্তির বাড়তি চাপ রয়েছে। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে গড়ে ১০৩ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে বেঞ্চে ও মেঝেতে বসে ক্লাস করতে হয়। তাছাড়া বিদ্যালয়ের টিনশেড চাল থেকে বৃষ্টির পানি পড়ায় শিক্ষার্থীদের ক্লাস করতে দারুণ অসুবিধা হচ্ছে। পাথরঘাটা উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জাহিদ উদ্দিন বলেন, ওই বিদ্যালয়ের জন্য তিনতলা একটি ভবনের অনুমোদন হয়ে গেছে। দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। আর বেঞ্চ সংকট নিরসনে কম শিক্ষার্থী আছে—এমন বিদ্যালয় থেকে চাহিদা অনুয়ায়ী বেঞ্চ নেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পরামর্শ দেওয়া হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর): উপজেলার এনএস তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের একটি একতলা পাকা ভবনে ও দুটি টিনসেডের ছোট ভবনে মোট ছয়টি কক্ষ রয়েছে। ২০০৭ সালে ঘূর্ণিঝড়-সিডরের সময় মূল পাকা ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে বৃষ্টি হলেই ভবনের ছাদ চুয়ে পানি পড়ে। ফলে শিক্ষার্থীদের পোশাকসহ বই-খাতা ভিজে যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, বিদ্যালয়ের ওই ভবনের ছাদ সংস্কারের জন্য পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে বলা হয়েছে। পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ফনীভূষণ মণ্ডল বলেন, ‘এনসি তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাকা ভবনটি সংস্কার করার জন্য প্রথমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে বরাদ্দ অনুমোদন করাতে হবে। এরপর আমরা কার্যাদেশ দেব।’