শ্রেণীকক্ষের তালায় শিবিরের সুপার গ্লু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ধর্মঘট চলাকালে বিভিন্ন বিভাগের শ্রেণীকক্ষে ও বিভিন্ন কার্যালয়ের তালায় সুপার গ্লু (একধরনের শক্ত আঠা) লাগিয়ে দিয়েছেন শিবিরকর্মীরা। ছাত্রশিবিরের ডাকা ধর্মঘটের অষ্টম দিন গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। তবে বেশ কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের যাতায়াত বাধাগ্রস্ত করতে রেললাইনের স্লিপারও তুলে ফেলেন শিবিরের নেতা-কর্মীরা। এতে বিশ্ববিদ্যালয়গামী সাড়ে নয়টার শাটল ট্রেন নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ষোলশহর স্টেশন ছাড়ে। ষোলশহর রেলস্টেশনের মাস্টার এস এম ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম সেনানিবাস রেলস্টেশনের অদূরে অবস্থিত ৩২ নম্বর সেতুটির রেললাইন তুলে ফেলে দুর্বৃত্তরা। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন ও কলা অনুষদ ভবনের অর্ধশতাধিক কক্ষের তালায় সুপার গ্লুু লাগিয়ে দেওয়া হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। অবশ্য পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এসব তালা কেটে নতুন তালা লাগিয়ে দেন। এ প্রসঙ্গে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আশিকুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন আবাসিক হলে যেসব বৈধ আবাসিক শিক্ষার্থীকে উঠতে দেয়নি, তাঁরাই ক্ষুব্ধ হয়ে বিভিন্ন বিভাগের শ্রেণীকক্ষের তালায় সুপার গ্লু লাগিয়ে দিয়েছেন।’ ছাত্রশিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ছাত্রশিবিরের ডাকা ধর্মঘটে অন্যান্য দিনের মতো গতকাল সকালেও বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ভবন ও বিভাগে তালা দেওয়া হয়েছে। চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে উসকানিমূলক লিফলেট বিতরণকালে শিবিরের এক ক্যাডারকে আটক করেছে পুলিশ। আটক হওয়া শিক্ষার্থীর নাম এনামুল হাসান। তিনি ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে তাঁকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ে সহিংসতা সৃষ্টির একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়া।