শ্রেণীকক্ষের দাবিতে মৌন মিছিল, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষ, সেমিনার লাইব্রেরি, ল্যাবরেটরিসহ পাঁচ দফা দাবিতে মৌন মিছিল, মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষার্থীরা। গতকাল সোমবার তাঁরা এসব কর্মসূচি পালন করে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন।
শিক্ষার্থীদের অন্য দাবির মধ্যে রয়েছে দ্রুত প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া এবং বিভাগের প্রশাসনিক কাজের জন্য একটি কার্যালয় কক্ষ প্রদান করা।
দাবি আদায়ে শিক্ষার্থীরা গতকাল সকাল সাড়ে ১০টা থেকে মিছিল বের করে কর্মসূচি শুরু করেন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, শিক্ষকেরা যে কক্ষে বসেন, সেই কক্ষটিকেই তাঁরা শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করেন। বিভাগে মাত্র দুজন শিক্ষক রয়েছেন। কোনো সেমিনার লাইব্রেরি ও ল্যাবরেটরি নেই।
শ্রেণীকক্ষের সংকট প্রসঙ্গে বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী প্রান্তিক রায় বলেন, ‘আমাদের বিভাগে দুটি ব্যাচের শিক্ষার্থী আছে। আরও একটি ব্যাচ আসছে। দুই বছরের বেশি সময় পার হয়ে গেলেও কোনো পাঠদানকক্ষের ব্যবস্থা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
বিভাগের সভাপতি অধ্যাপক মো. আবদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমি অনেকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। অনেকের সঙ্গে কথাও বলেছি। কিন্তু এত দিনেও কোনো ব্যবস্থা হয়নি।’
শ্রেণীকক্ষ, সেমিনার লাইব্রেরি ও ল্যাবরেটরির মতো প্রয়োজনীয় শিক্ষাসহায়ক অবকাঠামো ছাড়াই ২০১১-১২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকসসহ তিনটি নতুন বিভাগ খোলা হয়। শ্রেণীকক্ষের তীব্র সংকটের মধ্যেই এর পরের শিক্ষাবর্ষে খোলা হয় চারুকলা বিভাগ। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে শ্রেণীকক্ষের সংকট না থাকলেও ওই চারটি বিভাগের তিনটিতে ক্লাস করার জন্য কোনো শ্রেণীকক্ষ নেই। পর্যাপ্ত শিক্ষকও নেই। শ্রেণীকক্ষের দাবিতে গত বছরের ফেব্রুয়ারি মাসে মিছিল, মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
এসব বিষয়ে জানতে চাইলে সহ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, ‘এ সংকট আমাদের সৃষ্টি করা নয়। আমরা কিছুদিন হলো দায়িত্ব নিয়েছি। অল্প সময়ের মধ্যে এসব সংকট নিরসন করা সম্ভব নয়। আমরা চেষ্টা করে যাচ্ছি।’