শ্রেণীকক্ষের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
কয়েকজন শিক্ষার্থী জানান, দুই মাস আগে দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু শ্রেণীকক্ষ না থাকায় এখনো তৃতীয় বর্ষের পাঠদান শুরু হয়নি। কবে থেকে পাঠদান শুরু হবে, সে ব্যাপারে তাঁরা কিছু জানেন না। শ্রেণীকক্ষের সংকট নিরসনে এর আগে প্রশাসন থেকে কয়েক দফায় আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। এসব সংকটের মধ্য দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে প্রথম বর্ষের পাঠদান। এসব বিষয়ে গতকাল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা।
বিভাগের সভাপতি আবদুর রহমান বলেন, ‘এভাবে চলতে থাকলে আমার ছাত্ররা পাস করে সনদও নিয়ে যাবে ঠিকই, কিন্তু কিছু শিখতে পারবে না। একজন শিক্ষক হিসেবে আমি এটা মানতে পারছি না।’
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, শিগিগরই শ্রেণীকক্ষ-সংকটের সমাধান করা হবে।