শ্রেণীকক্ষেরই নন, জীবনেরও শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সরকারের পদ্মভূষণ সম্মাননা পাওয়ায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানকে স্বর্ণপদক পরিয়ে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত । প্রথম আলো
ভারত সরকারের পদ্মভূষণ সম্মাননা পাওয়ায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানকে স্বর্ণপদক পরিয়ে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত । প্রথম আলো

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান সম্প্রতি পেয়েছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পদ্মভূষণ। এ উপলক্ষেই গতকাল সোমবার তাঁর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
রূপসী বাংলা হোটেলে যৌথভাবে এ আনন্দঘন সংবর্ধনার আয়োজন করে এবি ব্যাংক লিমিটেড ও চন্দ্রাবতী একাডেমি। ভারতের ৬৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৫ জানুয়ারি ভারত সরকার সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য অধ্যাপক আনিসুজ্জামানকে পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করে। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ৩১ মার্চ আয়োজিত অনুষ্ঠানে সে দেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক। আলোচনা করেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী ও চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান।
অনুষ্ঠানে আনিসুজ্জামানকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা স্মারক, উপহার দেওয়া হয় তাঁর একটি প্রতিকৃতি এবং গলায় পরিয়ে দেওয়া হয় স্বর্ণপদক।
আলোচনা পর্বটি ছিল সংক্ষিপ্ত। প্রধান অতিথি বলেন, ৬০ বছরের বেশি সময় ধরে আনিসুজ্জামানের সঙ্গে তাঁর বন্ধুত্ব। ভারত সরকারের দেওয়া এ সম্মাননা পেয়ে তিনি দেশের মুখ উজ্জ্বল করেছেন। দেশেও তাঁকে সম্মানিত করা হয়েছে রাষ্ট্রীয় একুশে পদক প্রদানের মধ্য দিয়ে। তবে তিনি অচিরেই দেশের সর্বোচ্চ সম্মাননাও পাবেন বলে প্রধান অতিথি আশা প্রকাশ করেন।
সেলিনা হোসেন বলেন, আনিসুজ্জামান কেবল শ্রেণীকক্ষেরই শিক্ষক নন, তিনি জীবনের সব ক্ষেত্রেই শিক্ষকের ভূমিকা পালন করেছেন। এর পাশাপাশি তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। জীবনব্যাপী আন্দোলন-সংগ্রামে সংশ্লিষ্ট থেকেছেন।
সংবর্ধনার প্রতিক্রিয়ায় আনিসুজ্জামান বলেন, ‘ভারত সরকার প্রদত্ত এ সম্মাননায় আমি সম্মানিত বোধ করেছি। তবে এ প্রাপ্তি সংবাদে আমার বন্ধু এবং শুভানুধ্যায়ীরা যে আনন্দ পেয়েছেন, তা এ সম্মাননার মূল্য আমার কাছে আরও অনেক বাড়িয়ে দিয়েছে।’ তিনি বলেন, ‘শিক্ষকতা করব বলেই স্থির করেছিলাম। তবে এ দেশের নাগরিক হিসেবে যে সামাজিক দায়িত্ব আছে, তা পালন করারও কর্তব্যবোধ করেছি। আপনারা আমার এই উভয় ভূমিকাই উপলব্ধি করেছেন, উল্লেখ করেছেন সে জন্য কৃতজ্ঞতা জানাই।’