আলোচনা সভায় মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী
শ্রেণীসংগ্রামের আশঙ্কায় সেনাবাহিনীকে সতর্ক করেছে সরকার
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, বিডিআর বিদ্রোহের পর শ্রেণীসংগ্রামের আশঙ্কায় সরকার সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছে। সেনাবাহিনীতে সেপাই ও সেনাকর্মকর্তাদের মধ্যে বিরোধের আশঙ্কা থেকে সরকার এ উদ্যোগ নেয়।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘পিলখানা হত্যাকাণ্ডের বিচার: পুনর্গঠিত বর্ডার গার্ড বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রতিমন্ত্রী তাজুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ‘সেনাবাহিনীতেও সিপাহি রয়েছে। বিডিআরের সিপাহিরা তাদের ভাই-ব্রাদার। শ্রেণীসংগ্রামের মতো একটা আশঙ্কা সৃষ্টি হওয়ায় আর্মিকেও সতর্ক করা হয়েছে।’বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজ আয়োজিত ওই আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ নিরসনে প্রধানমন্ত্রী যা করেছেন, সবই সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনার ভিত্তিতে করেছেন। পিলখানার ভেতরে সারা দেশ থেকে আসা হাজার হাজার বিডিআর সদস্য বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে ওই সময় অবস্থান করছিলেন। ৫৭ জন সেনাকর্মকর্তা হারানোর বেদনা ভুলবার নয়, কিন্তু তখন পিলখানায় আক্রমণের সিদ্ধান্ত নিলে বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারাতেন।আলোচনা সভায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন বলেন, বিডিআরের জওয়ানরা সেনাকর্মকর্তাদের হত্যা করেছেন। তবে এই হত্যাকাণ্ডের ভয়াবহতা দেখে সহজেই অনুমান করা যায়, কারা এই বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। একাত্তরে বুদ্ধিজীবীদের যেভাবে হত্যা করা হয়েছিল, একইভাবে হত্যা করা হয়েছিল সেনা কর্মকর্তাদের।কামরুল হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার প্রমুখ।