শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন মর্জিনা

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মর্জিনা বেগম (৫০)।
গোয়ালন্দের দৌলতদিয়ায় অবস্থিত যৌনকর্মীদের সংগঠন মুক্তি মহিলা সমিতির (এমএমএস) নির্বাহী পরিচালক মর্জিনা। যৌনকর্মী হিসেবে শুরু করা জীবনের পদে পদে নির্যাতনের শিকার হয়ে সমাজের দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি। এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলার শ্রেষ্ঠ জয়িতার সম্মাননাও পান তিনি।
গত মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় এর আয়োজন করা হয়। এতে ঢাকার বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
মর্জিনা বেগম বলেন, গোয়ালন্দ শহরের আড়তপট্টির এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঘরে তাঁর জন্ম। ছোট থাকতেই বাবা মারা যাওয়ায় তিন বোন নিয়ে নানাবাড়িতে বেড়ে ওঠেন। ১৩ বছর বয়সে ফরিদপুরের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামীর আসবাব ব্যবসার সুবাদে রাঙামাটি যান। মাতাল স্বামীর নির্যাতন সইতে না পেরে এলাকায় ফিরে পিঠা বিক্রি করে জীবন চালান। ১৯৮০ সালে দালালের খপ্পরে পড়লে তাঁকে সিরাজগঞ্জ যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়। ১৯৮৮ সালে ফিরে আসেন দৌলতদিয়ায়। যৌনকর্মীদের সমস্যা নিয়ে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তির মুখোমুখি হন। ১৯৯৬ সালে স্থানীয় বেসরকারি সংস্থায় যোগ দেন। ১৯৯৮ সালে পল্লির সমস্যা সমাধানে ১১ জন মিলে গঠন করেন মুক্তি মহিলা সমিতি (এমএমএস)। যৌনকর্মীর জুতা পরা, মারা গেলে নদীতে না ভাসিয়ে দাফনের ব্যবস্থা করা, শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করা, স্বাস্থ্যসেবা, ভোটাধিকার প্রয়োগসহ বিভিন্ন দাবি নিয়ে করেন আন্দোলন। এ জন্য জেল-হাজতে যেতে হয়, সইতে হয় নানা নির্যাতন। প্রথম শ্রেষ্ঠ জয়িতার সম্মাননায় ভূষিত করায় তাঁর দায়িত্ব আরও বেড়ে গেছে। তিনি আরও বলেন, নারীরা যদি সচেতন হন, তাহলে সোনার বাংলা গড়া সম্ভব।